স্টাফ রিপোর্টার
দুর্নীতির মামলায় বিশ্বম্ভরপুরে উপজেলা ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার মো. ফখরুল আলমকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিনিয়র স্পেশাল জজ মুজিবুর রহমান সার্ভেয়ার মো. ফখরুল আলমের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
বিশ্বম্ভরপুরে উপজেলা ভূমি অফিসের
সাবেক সার্ভেয়ার মো. ফখরুল আলমের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার সিন্ধুরিয়া গ্রামে।
আদালত সূত্রে জানা যায়, জনৈক ফজলু মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও মৌজার একটি ভূমির জাল দলিলমূলে (যার নম্বর-৭১৪৮/৫৭) মালিক সেজে নামজারী করার জন্য আবেদন করেন। পরে উপজেলা ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার মো. ফখরুল আলম অবৈধভাবে সেই জাল দলিলের মাধ্যমে নামজারী করেন। জাল দলিলে নামজারীর বিষয়টি ধরা পড়লে ১৯৯৯ সালে ২১ জুন জেলা দুর্নীতি দমন ব্যুরোর সহকারি পরিদর্শক মো. মফিজ উদ্দিন বিশ্বম্ভরপুরের ফজলু মিয়া, উপজেলা ভূমি অফিসের সাবেক সার্ভেয়ার মো. ফখরুল আলমকে আসামী করে একটি এজাদার দাখিল করেন। (জিআর মামলা নং-২৬/১৯৯৯ইং)। পরে ২০১৪ সালের ৩০ জুন আসামী ডলুরা গ্রামের তারাচান মিয়ার ছেলে ফজলু মিয়া, সার্ভেয়ার মো. ফখরুল আলম, তৎকালীন কানুনগো রুহুল আমীন ও চাঁদপুরের নাজির উদ্দিন তালুকদারের ছেলে মুছলিম উদ্দিন তালুকদারের বিরুদ্ধে চার্জসীট (অভিযোগপত্র) দাখিল করেন। পুলিশ জাল দলিলের মালিক ফজলু মিয়াকে গ্রেফতার করে। পরে ফজলু মিয়া আদালত থেকে জামিনে মুক্ত হন। এদিকে দীর্ঘদিন আদালতে হাজিরা ও উপস্থিত না হয়ে পলাতক ছিলেন সার্ভেয়ার মো. ফখরুল আলম। অবশেষে গতকাল বৃহস্পতিবার সার্ভেয়ার মো. ফখরুল আলম স্বশরীরে উপস্থিত হয়ে আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নিদের্শন দেন।
দুর্নীতি দমন ব্যুরো বর্তমান দুদকের পক্ষে মামলায় ছিলেন দুদকের পিপি ড. অ্যাড. মো. মফচ্ছির মিয়া। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. হুমায়ুব মঞ্জুর চৌধুরী, ও অ্যাড. জহুর আলী। ঘটনার সত্যতা স্বীকার করেছেন দুদকের পিপি ড. অ্যাড. মো. মফচ্ছির মিয়া


