নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনা এসপি ও ওসিকে ৪ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ

সু.খবর ডেস্ক
নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় জেলার পুলিশ সুপার (এসপি) ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ৪ আগস্ট দিন পুননির্ধারণ করেছেন হাইকোর্ট। বুধবার তাঁরা আরও দুই মাস সময় বাড়ানোর আবেদন করেছিলেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে এ বেঞ্চে এই ঘটনায় জেলা প্রশাসনের প্রতিবেদন জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। এতে বলা হয়েছে, কান ধরে ওঠবস করার ঘটনা সত্য।
মোতাহার হোসেন আদালতকে বলেন, আদালতের নির্দেশের আলোকে জেলা প্রশাসক তাঁর প্রতিবেদন দিয়েছেন। তবে পুলিশ প্রশাসন প্রতিবেদন দেওয়ার জন্য ৬০ দিন সময় চেয়েছে।
পরে আদালত জেলা প্রশাসনের প্রতিবেদন গ্রহণ করেন। এবং পুলিশ প্রশাসনকে ৪ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ৭ আগস্ট বিষয়টি আদেশের জন্য তালিকায় আসবে।
ধর্ম নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনা ঘটে। পরে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন কী কী আইনগত পদক্ষেপ নিয়েছে, তা জানাতে বলেন আদালত। ওই নির্দেশ অনুসারে ২৯ মে স্থানীয় প্রশাসনের প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। ওই সময় হাইকোর্ট এসব প্রতিবেদন দায়সারা গোছের উল্লেখ করে ৮ জুনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।