নারায়ণতলা ব্রীজ ধ্বসে পড়েছে

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা গ্রামের সড়ক যোগাযোগ ব্রিজ সাম্প্রতিক বন্যায় ধ্বসে পড়েছে। এতে এই এলাকার শত শত মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী জানান, এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন এলাকার শিক্ষার্থী, চাকুরিজীবী ও নানা শ্রেণী পেশার লোকজন যাতায়াত করে থাকেন। এ ছাড়াও সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি’র সদস্যরাও এই ব্রীজের উপর দিয়ে যাতায়াত করেন।
দীর্ঘদিন ধরে এই ব্রীজের কোনো সংস্কার নেই।
নারায়নতলা গ্রামের বাসিন্দা তাপস সাংমা বলেন, ‘এই ব্রীজের ওপর দিয়ে মোটর সাইকেলসহ মানুষ যাতায়াত করেন। এলাকার কয়েকটি গ্রামে যেতে এই ব্রীজের ওপর দিয়ে যাতায়াত করতে হয় আমাদের। এটা খুবই গুরুত্বপূর্ণ সড়ক। এটার সংস্কার জরুরি প্রয়োজন।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুকসেদ আলী বলেন, ‘নারায়নতলা গ্রামের সড়ক খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এলাকার কয়েকটি গ্রামের মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কটি ইউপি সদস্য বাচ্চু মিয়া সিকদারের বাড়ির কাছে। এটির রক্ষণাবেক্ষণ তিনিই করেন। এবার ব্রীজ ধ্বসে যাবার পর বাঁশ দিয়ে চলাচলের ব্যবস্থা করেছেন তিনি। আমরা এই ব্রীজ পুন:নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে যাচ্ছি।’