নারীর কর্মক্ষেত্র নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে

দেশে নারীর অগ্রযাত্রা শুরু হয়েছে বহু আগেই। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ইতোমধ্যে নারী ও পুরুষের সমতা অর্জিত হয়েছে। এ পর্যায়ের শিক্ষায় ৫০ ভাগের বেশি শিক্ষার্থী নারী। আগামী পাঁচ বছরের মধ্যে কলেজ ও উচ্চশিক্ষায়ও এ সমতা অর্জন সম্ভব হবে বলে আশা করছে সরকার। কিন্তু শিক্ষার এই সমতা কর্মক্ষেত্রে গিয়ে ম্লান হয়ে পড়েছে। কর্মক্ষেত্রে নারীর এই সমতা অর্জনের অগ্রযাত্রা এখনও আশানুরূপ নয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর, অধিদফতর, স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনে বর্তমানে প্রায় ১৪ লাখ কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন। এর মধ্যে নারী আছেন প্রায় ৪ লাখ। ধীরগতিতে হলেও কর্মক্ষেত্রে নারী সমতা অর্জনের দিকে এগুচ্ছে। এ ছাড়া বেসরকারি কর্ম খাতেও নারীর প্রবেশ দিন দিন বাড়ছে। বৈদেশিক মুদ্রা অর্জনে নারীর অবদান সবচেয়ে বেশি। সরকারি ও বেসরকারি বিভিন্ন হিসাবে, দেশের রফতানি আয়ের ৮০ ভাগ আসে পোশাক খাত থেকে। আর এই পোশাক খাতের শ্রমিকদের প্রায় ৯০ ভাগই নারী। অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও নারীর অবদান ৫৩ ভাগের বেশি। পুরুষের পাশাপাশি নারীও দেশের অর্থনীতির চাকা ঘুরাচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নারীর নিরাপদ কর্মপরিবেশ এখনও উপেক্ষিত। আমরা লক্ষ করেছি, সরকার নারীর ক্ষমতায়নে সচেষ্ট রয়েছে। নারীশিক্ষা প্রসারে সরকারের ভূমিকা প্রশংসনীয়। কিন্তু শিক্ষিত নারী বেকারের সংখ্যাও দিন দিন বাড়ছে। তাদের জন্য উপযুক্ত কর্মও নিশ্চিত করতে হবে। তা ছাড়া নারী তার যোগ্যতা অনুযায়ী সবসময় কাঙ্ক্ষিত কর্ম পাচ্ছে না। এটাও কি নারীর ক্ষমতায়নে প্রতিবন্ধকতা নয়? তা ছাড়া কর্মক্ষেত্রে নারীরা মজুরি বৈষম্যের শিকার। বিশেষ করে, শ্রম নিবিড় বেসরকারি কর্মক্ষেত্রে এই মজুরি বৈষম্য আরও বেশি। এসব কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগও বহু পুরনো। সম্প্রতি সরকারের সচেতনতামূলক কার্যক্রম ও নারীশিক্ষা প্রসারে নারীরা সচেতন হয়ে উঠছে। কিন্তু পেশিশক্তি ও অনুদার সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে নারীর কর্মক্ষেত্র এখনও যথেষ্ট নিরাপদ নয়। এর পেছনে হয়তো আরও কারণ থাকতে পারে। নারীর এগিয়ে চলা নির্বিঘœ রাখতে সরকারকেই সেসব কারণ উদঘাটন করে ব্যবস্থা নিতে হবে। তবে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে নারীর নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা প্রয়োজন। নারী-পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হলে নারীর ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে নারীর জন্য নতুন মাত্রা তৈরি হলে বদলে যাবে বিশ্ব। আর সেজন্য সবার আগে কর্মক্ষেত্রের পরিবেশ নারীবান্ধব করতে হবে। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক নারীকে উন্নয়নের সক্রিয় অংশীদার করতে নারীর কর্মক্ষেত্র নিরাপদ করার বিকল্প নেই।