নারী প্রার্থীদের মধ্যে ছাতকের নুরুন্নাহার চৌধুরী চিনু বিত্তবান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ছাতক-দোয়ারা উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত সংরক্ষিত ৫ ওয়ার্ডে লড়ছেন নারী নেত্রী নুরুন্নাহার চৌধুরী চিনু। নির্বাচনী হলফনামা সূত্রে জানা গেছে সংরক্ষিত ৫ টি ওয়ার্ডের ২০ জন নারী প্রার্থীর মধ্যেই তিনিই সবচেয়ে ধনী প্রার্থী। তাঁর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তিনি ৩ পুত্রের জননী। ২ পুত্র যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করেন। এক ছেলে যুক্তরাজ্যে বিএসসি ইঞ্জিনিয়ার।
সম্পদের হিসাব বিবরণী সূত্রে জানা যায়, নুরুন্নাহার চৌধুরী চিনুর স্বামীর যৌথ পরিবার সিলেট, লামাকাজি, গোবিন্দগঞ্জে ৩ টি অটো রাইস মিল ও ১১ টি চারকল মিল, ২০০টিরও বেশী দোকানপাট, বাসা ও আবাসনের মালিক। তাদের নিজস্ব ভূমিতে পশু ক্রয়-বিক্রয় এর আড়ৎ রয়েছে। প্রায় ২০০ বিঘা কৃষি জমি, ২টি গভীর নলকুপ (গোবিন্দনগর-বিলপার) সেচ প্রকল্প, দেখার হাওরে পূর্ব পাগলাতে তাদের অনেক বোরো জমি আছে। ব্যাংকে সঞ্চিত আছে ৬৫ লক্ষ টাকা, ছাতকে ৩ তলা ও সিলেট জালালাবাদ এলাকায় ৫ তলা বাড়ী, ২টি স’ মিল, মৎস্য চাষের পুকুর এবং ছাতক শহরে ৬ তলা ছাদি ইন্টারন্যাশনাল হোটেল ও লন্ডনে তাদের ৩টি রেস্টুরেন্ট (১) চামেলী-হলবিচ, (২) স্টার ইন্ডিয়া-বস্টন, (৩) টিউলিপ-স্পলডিং রয়েছে।    
নারী নেত্রী নুরুন্নাহার চৌধুরী চিনু ২০০১ সালে তিনি ছাতকে বড় ভাই মুজিবুর রহমানের নামে মুজিবুর রহমান একাডেমী বিদ্যালয় প্রতিষ্ঠা করে পরিচালক ও শিক্ষকতার কাজ করছেন। মেঝো ভাই মুহিবুর রহমান মানিক ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমানে ছাতক-দোয়ারার এমপি। নুরুন্নাহার চৌধুরী চিনুর স্বামী অলিউর রহমান চৌধুরী বকুল ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান। তার আরেক চাচাতো ভাই বিল্লাল আহমদ উপজেলার খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের ২ বারের চেয়ারম্যান, মামাত ভাই আবুল লেইছ চৌধুরী শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে জেলা পরিষদ নির্বাচনে শাল্লা উপজেলা নিয়ে গঠিত ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী। জানা যায়, নুরুন্নাহার চৌধুরী চিনুর শ্বশুর মরহুম আজিজুর রহমান চৌধুরী ও দাদা শ্বশুর মরহুম তোফজ্জুল আলী চৌধুরী গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।