স্টাফ রিপোর্টার, দিরাই
না ফেরার দেশে চলে গেলেন দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা
আকিক আহমদ মধু। রবিবার সকালে ঘুমের মধ্যে সঙ্গাহীন অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। (ইনা…রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার বিকেল সাড়ে ৫ টায় গ্রামের বাড়ি কদম্বতলীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড.সোহেল আহমদসহ এলাকার বিশিষ্টজনরা অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হাসিবুর রহমান বলেন,‘৫-৬ মাস যাবত ইউপি চেয়ারম্যান আকিক আহমদ মধু হার্টের নানা ধরনের রোগে ভুগছিলেন। সপ্তাহ খানেক আগে তার হার্টবিট একেবারে কমে গিয়েছিল। ঢাকায় গিয়ে ৭/৮ লাখ টাকা খরচ করে পেসমেকার লাগিয়েছিলেন।’


