স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবাননগর ইউপির শেখেরগাঁও গ্রামের জায়ফর আলী (৪০) নামের এক লোক প্রায় তিনমাস ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ৩ সন্তানের জনক। নিখোঁজের ঘটনায় গত ২৭ নভেম্বর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জায়ফর আলীর স্ত্রী রেশনা বেগম। (জিডি নং-১৬১০, তারিখ ২৭/১১/২০১৬ ইং)
জায়ফর আলীকে ফেরত পাওয়ার জন্য তার সন্ধানে নানা স্থানে ধরনা দিচ্ছেন তার স্ত্রী ও সন্তানেরা। ইতোমধ্যে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে দেখা করে স্বামীকে উদ্ধারের জন্য সহায়তা চেয়েছেন অসহায় রেশমা বেগম ও তার সন্তানরা। কিন্তু নিখোঁজ স্বামীর কোন সন্ধান পাচ্ছেন না তিনি।
গৃহবধু রেশমা বেগম জানান, ১২ বছর আগে জায়ফর আলীর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি স্বামীকে নিয়ে বাবার বাড়ি দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি এলাকার গোপালপুর গ্রামে পৃথক বাড়ি তৈরি করে বসবাস করছেন। গত কয়েক বছর আগে শ্বশুর বাড়ির টাকায় বিদেশে যান জায়ফর আলী। দেশে ফিরে এসে গোপালপুরেই বসবাস করেন। গত অক্টোবর মাসের ১৩ তারিখ জায়ফর আলী নিজের বাড়িতে আসার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু সেদিন রাতে আর বাড়ি ফেরেন নি। এর পর থেকে তিনি অদ্যবধি নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে স্বামীর সন্ধান পাননি রেশমা বেগম। পরে ২৭ নভেম্বর স্বামী নিখোঁজের ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রেশমা বেগম আরো জানান, তার স্বামী জায়ফর আলী ইতোপূর্বে দুইবার নিখোঁজ ছিলেন। এবার ১৪ মাস, অন্যবার ৪৭দিন নিখোঁজ ছিলেন। পরে তার স্বামীর ভাইদের (ভাসুর) বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করলে ভাইরা তাকে নারায়নগঞ্জ এলাকা থেকে খোঁজে বের করে আনেন।
রেশমা বেগমের দায়ের করা জিডির তদন্তকারী সদর থানার এসআই রিপন গোপ বলেন,‘ জানা গেছে জায়ফর আলী আরেকটি বিয়ে করে নতুন বউ নিয়ে অন্যত্র বসবাস করছে। রেশমা বেগমের জিডির বিষয়টি তদন্তাধীন আছে।’


