বিশেষ প্রতিনিধি, সিলেট থেকে
সিলেটে তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল ও আত্মসাতের অভিযোগে দুটো মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পালিয়ে ভারত চলে যাওয়া রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে জনস্বার্থমূলক মামলায় সমন জারি হয়েছে। বৃহস্পতিবার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার জনস্বার্থমূলক মামলা দায়ের করলে বিচারক মো. সাইফুজ্জামান হিরো মামলা গ্রহণ করে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
বাদী পক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত দ-বিধির ৪১৭ ধারায় অপরাধ আমলে নিয়ে রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আগামী ৯ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে দুজনকে আদালতে হাজির হবে।
মামলার এজহারে বাদী অভিযোগ করেন, সিলেট থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি হচ্ছেন রাগীব আলী। ছেলে আবদুল হাই ওই পত্রিকার সম্পাদক। পত্রিকাটি সিলেট বিভাগের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক
দৈনিক। তারাপুর চা বাগান দখল ও আত্মাসাৎ মামলায় গত ১০ আগষ্ট রাগীব আলী ও ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ সংবাদ জাতীয় দৈনিক থেকে শুরু করে আঞ্চলিক দৈনিকগুলোতে প্রকাশ হয়। কিন্তু সিলেটের ডাক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে।
বাদী নিজেকে সিলেটের ডাক-এর একজন নিয়মিত পাঠক উল্লেখ করে বলেন, এতে করে একটি খবর প্রাপ্তি থেকে সাধারণ পাঠককে বঞ্চিত করা হয়েছে। রাগীব আলী ও আবদুল হাই পত্রিকার মালিক ও সম্পাদক থাকায় নিজের অপরাধ ঢাকতে পত্রিকাকে ব্যবহার করেছেন। পাঠককে ঠকানোর এ বিষয়টি প্রতারণার শামিল।
বাদী তাঁর আবেদনের সপক্ষে রাগীব আলীকে নিয়ে অন্যান্য পত্রিকায় রাগীব আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রকাশিত সংবাদের পত্রপত্রিকা এবং খবর প্রকাশ থেকে বিরত থাকার প্রমাণ হিসেবে গত ১১ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেটের ডাক-এর ২৯টি কপি আদালতে জমা দেন। সাক্ষী রাখা হয়েছে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদসহ পাঁচজন পত্রিকা পাঠককে।
এর আগে গত ১০ আগষ্ট মহানগর বিচারিক হাকিম আদালতে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল ও প্রতারণা করে সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলায় রাগীব আলী ও আবদুল হাইসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই দিন সন্ধ্যায় রাগীব আলী ছেলেকে নিয়ে সিলেটের জকিগঞ্জ হয়ে ভারতের করিমগঞ্জ পালিয়ে যান। আদালতে ওই দুটো মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য রয়েছে ১৯ সেপ্টেম্বর।
গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান পুনরুদ্ধারে রায় দেন। রায়ে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর দায়ের করা জালিয়াতি ও প্রতারণার দুটো মামলা সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়। এ নির্দেশানার পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ সরকারি কৌঁসুলির আবেদনে মহানগর হাকিম আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। ১০ জুলাই রাগীব আলী, ছেলেসহ ছয়জনকে অভিযুক্ত করে পৃথক দুটো অভিযোগপত্র দাখিল করে পিবিআই।


