সু.খবর ডেস্ক
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন সনদধারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপজেলা ও জেলা কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিবন্ধন সনদধারীদের শিক্ষকতার মেয়াদ আজীবন ঘোষণা করা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
রিটকারী আইনজীবী মো. সাহাবুদ্দিন খান লার্জ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ণাঙ্গ রায় পাওয়ার ৯০ দিনের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন সনদধারী শিক্ষকদের মেধা তালিকা এনটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করতে বলা হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ-প্রত্যয়ন বিধিমালার ২০০৬-এর বিধি ৯-এর উপ-বিধি ২ (গ) চ্যালেঞ্জ করে জামালপুরের সেলিম রেজাসহ ১৭২ জন নিবন্ধন সনদধারী হাইকোর্টে এ রিট দায়ের করেন।
রিটের শুনানি নিয়ে এর আগে গত ৮ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেছিলেন।


