নিরাপত্তা চার স্তরে

স্টাফ রিপোর্টার
দিরাই-শাল্লা উপ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও আইনশৃংখলা বাহিনী। দুই উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার ব্যাটলিয়ান থাকবে নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে। দিরাই উপজেলায় ১০ জন ও শাল্লায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃংখলা বাহিনীর ৩ হাজার ২৫৭ জন সদস্য নিয়োজিত থাকবেন। পুলিশ সদস্য ১৩৭০ জন, র‌্যাব ১৩৭ জন, বিজিবি ১২০ জন, আনসার ব্যাটলিয়নের ৫০ জন সদস্য, এপিবিএনের ৪০ জন ও ১৫৪০ জন আনসার সদস্য নির্বাচনের মাঠে থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত, স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের ভ্রাম্যমাণ টিম মাঠে কাজ করবে।
পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দিরাই শাল্লা উপ নির্বাচনে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশী সংখ্যক আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হবে। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার ব্যাটলিয়ান মাঠে থাকবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ মোতায়েন থাকবে। প্রতি ৩টি ভোট কেন্দ্রে ১ টি মোবাইল টিম থাকবে।        
 প্রতিটি ইউনিয়নে ১টি করে স্ট্্রাইকিং ফোর্স থাকবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যতটুকু করার দরকার ততটুকুই করা হবে। কাউকে কোন ধরনের সমস্যা সৃষ্টি করতে দেয়া হবে না।’
উল্লেখ্য, দিরাই-শাল্লা উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে ৩০ মার্চ। নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩ টি ইউনিয়নের ১১০ টি ভোটকেন্দ্রের ৫০২ টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। গত ৫ ফেব্রুয়ারি দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবাসন হওয়ায় আসনটি শূন্য হয়।