নিরাপত্তা চেয়ে মাদরাসা শিক্ষকের সাংবাদিক সম্মেলন

দোয়ারাবাজার প্রতিনিধি
সম্পত্তি ভাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে কোনঠাসা দোয়ারাবাজারের মাওলানা কামালউদ্দীন নামের এক মাদরাসা শিক্ষক। পারিবারিক কলহের রোষানলে অতিষ্ঠ হয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
মাওলানা কামাল উদ্দীন উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত. মনোহর আলী মনুমিয়ার পুত্র। আপন ভাই এবং এক চাচাতো ভাইয়ের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে দোয়ারাবাজার থানায় লিখিত আবেদন করেছেন।
সংবাদ সম্মেলনে মাওলানা কামাল উদ্দীনের আপন ছোট ভাই জামাল উদ্দীনের সাথে বসতভিটা এবং পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক গ্রাম—পঞ্চায়েতও হয়েছে। তাঁর ছোটো ভাই জামাল উদ্দীনকে সেল্টার দেয় চাচাতো ভাই মিজানুর রহমান। সে দোয়ারাবাজার সরকারী ডিগ্রি কলেজের অফিস সহকারী।
গত মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলনে মাওলানা কামাল উদ্দীন আরো বলেন, আমি দুটি কওমী মাদরাসা পরিচালনা করে আসছি। গত কয়েক মাস যাবৎ আমার আপন ভাই জামাল উদ্দীন এবং তাঁর অনুগত চাচাতো ভাইদের নিয়ে আমার বসতভিটে এবং সহায় সম্পত্তি থেকে উচ্ছেদ করার পায়তারা করে আসছে। বসত ঘরের জায়গা ছেড়ে না দিলে তারা লুটতরাজ, অগ্নিসংযোগ, প্রাণে মারার হুমকি ধমকি দিয়ে আসছে। আমি ভাইদের রোষানল থেকে বাঁচতে আইনী আশ্রয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
তবে তাঁর ভাই জামাল উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে তিনি বসতঘরের আমার অংশ দখল করে রেখেছেন। নিজে অন্যায় করে আমাদের বিরুদ্ধে নানাভাবে প্রচার করে বেড়াচ্ছেন। তিনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, ভাইদের অত্যচারের বিরুদ্ধে মাওলানা কামাল উদ্দীন লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।