স্টাফ রিপোর্টার
বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র উদ্যোগে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে সমাজভিত্তিক প্রচারাভিযান বিষয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর পবিত্র কুমার সিনহা, সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুকশেদ আলী, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।
সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার আইআরএসওপি প্রজেক্টের ম্যানেজার শফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর উজ্জলা ক্লারা রায়।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সংস্থার ফিল্ড ফ্যাসিলেটিটর সাহের আহমদ, জাহেরা বেগম, সাফিয়া বেগম । সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, মানুষ তাদের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে বিদেশ যেতে আগ্রহী হয়ে উঠছে। বেশিরভাগ মানুষ তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে বিদেশে যাচ্ছে। এতে দেশ ও জাতির উন্নয়ন হচ্ছে। কিন্তু আবার দালাল চক্রের খপ্পড়েও পড়ছে বিদেশ গমনেচ্ছুক মানুষজন। এ কারণে অনেকেই নি:স্ব হয়ে পড়েছেন। আমাদের বিদেশ যাত্রা যেন নিরাপদ ও বৈধ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে সকলের।


