বিশেষ প্রতিনিধি
নির্ধারিত সময় থেকে এক মাস পরও সুনামগঞ্জের হাওরগুলোর ভাঙা ক্লোজার ও বাঁধ উচু করণের কাজ শুরু না হওয়ায় জেলাজুড়ে উদ্বেগ-উৎকন্ঠা শুরু হয়েছে। রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ নিয়ে জেলা প্রশাসকও উদ্বেগ প্রকাশ করেছেন। কাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন তিনি।
চলতি বোরো মৌসুমে জেলার ৩৭টি বড় হাওরসহ মোট ৪২টি হাওরের ২২৫ টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) এবং ৪৮ টি প্যাকেজে ঠিকাদারদের মাধ্যমে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এবারের মোট বরাদ্দ ধরা হয়েছে পিআইসিতে ১০ কোটি ৭২ লাখ টাকা এবং দরপত্রের মাধ্যমে কাজ আদায়ের জন্য ৪০ কোটি টাকা।
রোববার নির্ধারিত সময়ের এক মাস পার হলেও দিরাই-শাল্লা এবং ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় পিআইসি’র কমিটিই হয়নি। দিরাই ও শাল্লায় ৭৯ টি পিআইসি এবং ছাতক ও দোয়ারাবাজারে ১৪ টি পিআইসি এখনো গঠনই হয়নি।
পাউবো কর্মকর্তারা জানিয়েছেন, ঐ ৪ উপজেলায় স্থানীয় সংসদ সদস্যগণের মনোনীত প্রতিনিধির তালিকা না পাওয়ায় পিআইসি গঠন হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, যেসব উপজেলায় পিআইসি গঠন হয়েছে, সেখানেও কাজ শুরু হয়নি।
হাওর এলাকার একাধিক দায়িত্বশীল নেতা ও কৃষকরা জানিয়েছেন,‘আমরা উদ্বিগ্ন-উৎকন্ঠিত, জানুয়ারি’র ১৫ তারিখ পার হলেও পিআইসি’র কাজও শুরু হয়নি, ঠিকাদারদেরও দেখা মিলছে না’। রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলসহ
অনেকেই বিষয়টি উত্থাপন করেছেন এবং কৃষকদের দুশ্চিন্তার কথাও তুলে ধরেছেন।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,‘আমি আজ (রোববার) মাসিক উন্নয়ন সভায় বলেছি, গত বছরেও হাওররক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-গাফিলতি হয়েছে। এ কারণে কৃষকরা কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবারও নির্ধারিত সময় পেরিয়ে এক মাস চলে গেছে, কোথাও এক টুকরি মাটিও পড়েনি। এই অবস্থায় পুরো হাওর এলাকার কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন’।
গত বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা পরিষদের মাসিক সভায় জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন,‘অন্যান্য বছর ডিসেম্বর মাসেই হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়। এবার এখনো বাঁধের কাজ শুরু না হওয়ায় সকলেই চিন্তিত’।
একই দিনে বিশ্বম্ভরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন বাঁধের কাজ শুরু না হওয়ায় কৃষকদের উদ্বেগের কথা জানান।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক প্রভাকর তালুকদার পান্না বলেন,‘ধর্মপাশা-মধ্যনগরের কোন হাওরেই বাঁধের কাজের মাটি কাটা শুরু হয়নি। অথচ. বাঁধের কাজ শুরু করতে এখন কোথাও কোন সমস্যা নেই। সকল ক্লোজার ও বাঁধের পাশ থেকে পানি সরে গেছে। এক ফসলি জমির কৃষক যারা চাষাবাদ শুরু করেছেন। তারা অনেকের সঙ্গেই যোগাযোগ করে জানার চেষ্টা করছেন বাঁধের কাজ হবে কী-না?
শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন,‘পিআইসি এখনো গঠনই হয়নি। ঠিকাদারী কাজের মধ্যে ছায়া প্রকল্পের একটি গ্রুপে সবেমাত্র মাটি কাটার সরঞ্জাম এনেছে ঠিকাদার’।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘বাঁধের কাজ শুরু করার জন্য সার্বক্ষণিক তাগাদা দিচ্ছি আমি, মাননীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত মহোদয়ের সঙ্গেও ফোনে কথা বলেছি। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয় দেশের বাইরে রয়েছেন, রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আমি পাউবো’র নির্বাহী প্রকৌশলীকে বলেছি, তাঁরা (সংসদ সদস্যগণ) তালিকা দেবার সঙ্গে সঙ্গেই যেন কাজ শুরু হয়। যেখানে পিআইসি বা টেন্ডার হয়েছে, সেখানে দ্রুত কাজ শুরু’র কথা বলেছি, এছাড়া বাঁধের পাশ থেকে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি তুলতেও নিষেধ দিয়েছি’।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন দাবি করলেন,‘৪ উপজেলায় পিআইসি এখনো গঠন হয়নি। যেখানে পিআইসি গঠন হয়েছে বা দরপত্রের মাধ্যমে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানকার কোন কোন স্থানে কাজ শুরু হয়েছে। ঠিকাদাররা কাজের এলাকায় মেশিন নিয়েছে, কিন্তু মাটি যেখান থেকে উঠানো হবে সেখানে পানি এখনো রয়ে যাওয়ায় কাজ শুরু হয়নি’।
- জেলা আইনজীবী সমিতির নির্বাচন- সভাপতি সৈয়দ শায়েক আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হক
- দারুণ জয়ে সিরিজে ফিরলো বাংলাদেশের মেয়েরা


