আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা মোকাবিলায় কঠোর হওয়ার জন্য অনুরোধ জানিয়ে এসেছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আওয়ামী লীগকে দলীয় কর্মী-সমর্থকদের বাড়াবাড়ি না করার নির্দেশনা দিতে অনুরোধ জানিয়েছেন। ইউপি নির্বাচনের গত দুই ধাপ এবং চলমান তৃতীয় ধাপে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপকমাত্রার সহিংসতা ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের এই উদ্বেগ সামনে রখেই আজ দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। জেলার তিন উপজেলার (সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার) ২৬ ইউনিয়নেও আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিন উপজেলার মোট ২৪২ কেন্দ্রের মধ্যে ৮৪টি কেন্দ্রকে প্রশাসন অধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। অধিক গুরুত্বপূর্ণ ঘোষণার অর্থ হলো এই কেন্দ্রগুলোর নিরাপত্তা ঝুঁকি রয়েছে। প্রশাসন নিজেদের সাধ্য মতো নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। এখন প্রার্থী, সমর্থকদের সহনশীলতা ও ভোট গ্রহণকারী কর্মকর্তা ও প্রশাসনের নিরপেক্ষতার উপর নির্ভর করছে আজকের নির্বাচনের দিনটি কেমন কাটবে। তবে আশার কথা হলো দ্বিতীয় ধাপে জেলার ছাতক উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যাপক সহিংসতার আশঙ্কা থাকলেও সেখানকার নির্বাচন মোটামোটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করি ছাতকের মতো আজ অনুষ্ঠিত হতে যাওয়া ২৬ ইউনিয়নের নির্বাচনও শান্তিপূর্ণভাবেই শেষ হবে।
রাজনৈতিক পরিচয়ে চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ার কারণে দলের মনোনয়ন না পেয়ে বিভিন্ন ইউনিয়নে একই দলের এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। দেশব্যাপী নির্বাচনী সহিংসতা বিশ্লেষণ করলে দেখা যায় সরকার দলীয় মূল ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে অনেকগুলো সহিংসতার ঘটনা ঘটেছে। এবার বিরোধী দল বিএনপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তেমন সরব ভূমিকায় অবতীর্ণ হতে পারেনি। এরকম অবস্থায় নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগকে নিজ কর্মী সমর্থকদের বাড়াবাড়ি না করার নির্দেশনা জারির যে অনুরোধ জানিয়েছেন তার ইঙ্গিত সরকারি দলকে বুঝতে হবে। শুধু বুঝলেই চলবে না মাঠ পর্যায়ে একে কার্যকরও করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিলে এবং প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করলে আমাদের বিশ্বাস নির্বাচনী গোলযোগ ৮০ ভাগের বেশি হ্রাস পাবে। সদস্য প্রার্থীদের মধ্যে পারষ্পরিক দ্বন্দ্ব-সংঘাত হওয়ার একটি প্রবণতা সর্বদাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরাজমান থাকে। এই জায়গায় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
আজ যখন নির্বাচন হচ্ছে তখন জেলার হাওরাঞ্চলে ফসল হারানো কৃষকদের বিলাপে বাতাস ভারী হয়ে উঠছে। কৃষকদের কাছে এখন ভোটের চাইতে হাওরের ধান তোলাই অধিক গুরুত্ব পাবে এবং এটাই স্বাভাবিক। এরকম প্রেক্ষাপটে আজ কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে তা চিন্তার বিষয়। তবে স্থানীয় সরকারের নির্বাচন হওয়ায় ভোটাররা নানা সম্পর্কসূত্রের কারণে হয়তো দিনের কোন এক সময়ে নিজের ভোটটি দিয়ে আসবেন। প্রার্থীদের এক্ষেত্রে ভোটারদের প্রতি সংবেদনশীল থাকতে হবে। আমাদের জনপ্রতিনিধিদের জনস্বার্থ সংরক্ষণে বলিষ্ট ভূমিকা রাখার ইতিহাস খুব বেশি সুখকর নয়। তাই প্রার্থী ও নির্বাচকম-লীর মধ্যে একধরনের দূরত্ব ও বিশ্বাসের ঘাটতি রয়েছে। যতদিন পর্যন্ত এই দূরত্ব ও ঘাটতির অবসান না ঘটবে ততদিন পর্যন্ত জনপ্রতিনিধির পদগুলো স্বার্থকতা অর্জন করতে পারবে না। সুতরাং নির্বাচনে আজ যারা বিজয়ী হবেন তাদের অন্যতম দায়িত্ব হবে নির্বাচকম-লীর সাথে আরও সংলগ্ন হওয়া। আমরা আশা করব এবারের বিজয়ীরা ইউনিয়ন পরিষদকে তৃণমূল মানুষের নিজেদের প্রতিষ্ঠানে পরিণত করবেন। এই আশাবাদ থেকেই সম্ভাব্য বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যদের আমরা আগাম অভিনন্দন জানাই।
- বাঁধ নির্মাণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক -মিসবাহ উদ্দিন সিরাজ
- মিলনকে বিএনপি যুবদল ও ছাত্রদলের অভিনন্দন

