আবু হানিফ, দিরাই
দিরাই-শাল্লা উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তা বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আর নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, আমি বিশ্বাস করি স্বাধীনতার প্রতীক নৌকায় কেবল ভোট দেওয়া নয়, দিরাই-শাল্লার প্রত্যেক ভোটারদের কাছে আপনারাও নৌকায় ভোট দেবার অনুরোধ জানাবেন। জাতির পিতা বঙ্গবন্ধু’র ডাকে সারা দিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে আপনারা ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা। আগামীতেও দেশের অগ্রযাত্রা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আপনারা কাজ করে যাবেন। আমার প্রয়াত স্বামী সুরঞ্জিত সেন গুপ্ত আপনাদের সহযোদ্ধা ছিলেন, দেশের জন্য লড়াই করে স্বাধীনতা অর্জনসহ দেশের কাজেই জীবনের শেষদিন পর্যন্ত কাটিয়েছেন তিনি। হাওরপাড়ের সাধারণ পরিবারে জন্ম নেওয়া এক
অনাথ বালক আপনাদের ভালবাসায় জাতীয় নেতা হয়েছিলেন। আপনরাও ছিলেন সুরঞ্জিত সেন গুপ্তের অতি আদরের ধন, প্রাণের স্পন্দন। আপনাদের ভালবাসার প্রতি সম্মান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়ে আপনাদের কাছে নৌকা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর উপহারের প্রতি আপনারা সকলে সম্মান জানাবেন এই আমার অনুরোধ। দিরাই-শাল্লাবাসী প্রধানমন্ত্রী’র উপহারকে সম্মান জানাবেন এই বিশ্বাসও আমার আছে।
শনিবার দিরাই রোশনী, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, টানাখালী এবং ধলবাজারে নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখার সময় জয়া সেন গুপ্তা এসব কথা বলেন। এসব সভায় এছাড়াও বক্তব্য দেন- দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, দিরাই পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র আজিজুর রহমান বুলবুল, সহসভাপতি অ্যাড. সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, সামছুল ইসলাম, আতাউর রহমান, দীলিপ দাস, তাহের সরদার, রঞ্জন রায়, ইকবাল সরদার, সায়েল চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, মান্না তালুকদার লিমন প্রমুখ।


