স্টাফ রিপোর্টার
নির্বাচনী বিরোধিতার জের ধরে এক স্কুল ছাত্রের ছুরিকাঘাতের শিকার হয়েছে আরেক মাদ্রাসা ছাত্র। শুক্রবার বিকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা গ্রামের খাসপাড়ায় এই ঘটনা ঘটে।
আহত মাদ্রাসা ছাত্রের নাম মামুন মিয়া (১৬), সে নারায়নতলা কোনাপাড়ার আমিনুল ইসলামের ছেলে। মামুন স্থানীয় মিরেরচরের ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। এই ঘটনায় স্থানীয়রা ছুরিকাঘাতকারী কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির স্কুল ছাত্র ঘাসিগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (১৭) ও তার সহপাঠি একই গ্রামের মো. সালেক মিয়ার ছেলে মো. আকরাম হোসেনকে আটক করে রাখে। এসময় উত্তেজিত লোকজন আটক দুই স্কুল ছাত্রকে বেশ মারধর করে। পরে স্থানীয় লোকজন আটক দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদিরের আনারস প্রতীকের পক্ষে প্রচারণায় যায় ঘাসিগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে স্কুল ছাত্র ইমরান হোসেন ও তার সহপাঠি একই গ্রামের মো. সালেক মিয়ার ছেলে মো. আকরাম হোসেন। তারা নারায়নতলা খাসপাড়ায় প্রচারণা চালাচ্ছিল। এদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুকশেদ আলীর কর্মীরাও নৌকা প্রতীকের প্রচারণা নিয়ে একই পাড়ায় যায়। একসাথে দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা একত্র হলে উভয় প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এসময় ইমরান হোসেন ধারালো ছুরি দিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুকশেদ আলীর কর্মী মামুন মিয়াকে আঘাত করে। খবর পেয়ে স্থানীয় লোকজন ইমরান হোসেন ও তার সহযোগি আকরাম হোসেনকে চৌমুহনি বাজারে আটক করে রাখে। পরে পুলিশের হাতে সোপর্দ করে দেয়া হয়।
আহত মাদ্রাসা ছাত্র মামুন মিয়াকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটে বেশ কয়েকটি গভীর ক্ষত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত ৯ টায় আহত মামুন মিয়ার শরীরে অস্ত্রোপাচার করা হচ্ছিল বলে জানা গেছে। রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন পুলিশ।
সদর থানার এসআই লুৎফুর রহমান বলেন, ‘নির্বাচনী বিরোধের জের ধরে এক স্কুল ছাত্র অন্য এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে। নারায়নতলা গ্রামের খাসপাড়ায় একসাথে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীর প্ররাচণার সময় এই ঘটনা ঘটে। আহত ছাত্রটি নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় ছিল বলে জানা গেছে। তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অভিভাবকরা মামলা প্রস্তুতি নিচ্ছেন।
- ক্ষুদ্রঋণ কার্যক্রমে ড. ইউনূসের সহায়তা চায় চীন
- পশ্চিম পাগলায় নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন বিএনপি প্রার্থী


