জগন্নাথপুর অফিস
ওসমানীনগরে উপজেলা নির্বাচনী সহিংসতা বলি জগন্নাথপুরের মাদ্রাসা ছাত্র সাইফুলের বাড়িতে শোকের মাতন চলছে। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে সাইফুলের মা পাগলের প্রলাপ করছেন। প্রতিবেশী ও স্বজনরা কেউ তাকে শান্ত করতে পারছে না। সোমবার ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হলে এলাকায় শোক বিহ্বল অবস্থার সৃষ্টি হয়। এলাকাবাসী ওসমানীনগরের নির্বাচনী সহিংসতার বলি মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করছেন।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী কালনিরচর গ্রামটি দুই উপজেলায় বিভক্ত। উত্তর কালনিরচর জগন্নাথপুর উপজেলায় এবং দক্ষিণ কালনিরচর ওসমানীনগর উপজেলায় বিভক্ত। দুই উপজেলায় বিভক্ত দুটি গ্রামের মানুষই পাশ্ববর্তী বাংলাবাজারে হাট বাজারসহ প্রয়োজনীয় কাজ সারেন। জগন্নাথপুর ও ওসমানীনগর উপজেলায় আগামী ৬ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পল্লী গ্রামের হাটবাজার গুলোতেও চায়ের আড্ডা জমে উঠেছে। বাংলাবাজারের পরিচিত একটি চায়ের দোকানে শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার উত্তর কালনিরচর গ্রামের আল আমীন তার কয়েকজন বন্ধুকে নিয়ে চা খেতে যায়। সেখানে দোকানে বসা দক্ষিণ কালিনিরচরের বাসিন্দা ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর সমর্থক হিসেবে সুপরিচিত বাহার মিয়া উত্তর কালনিরচরের যুবকদেরকে জগলু চৌধুরীর পক্ষে মিছিলে যাওয়ার প্রস্তাব দেয়। আল আমীন সহ জগন্নাথপুরের যুবকরা মিছিলে যেতে রাজী না হওয়ায় তাদের সাথে দুব্যবহার করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে যুবকদেরকে নিয়ে আসে। এনিয়ে পরদিন সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও আর হয়নি।
আশারকান্দি ইউনিয়নের সদস্য শওকত আলী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা
এলাকাবাসীকে নিয়ে বিষয়টি সামাজিকভাবে শেষ করার চেষ্টা করলেও জগলু চৌধুরীর সমর্থকরা তা অমান্য করে জগন্নাথপুরের উত্তর কালনিরচর গ্রামবাসীকে অপমান করে মারামারির জন্য ডাক দেয়। ফলে দু’গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
তিনি জানান, এসময় তাজপুর এতিম মাদ্রাসার ছাত্র উত্তর কালনিরচর গ্রামের মৃত শরফ উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (১৭) গ্রামে তাফসির মাহফিলে যোগদিতে মাদ্রাসা থেকে বাংলাবাজার হয়ে বাড়ির পথে রওয়ানা হয়। পথিমধ্যে দক্ষিণ কালনিরচর গ্রামবাসীর ছোঁড়া গুলিতে সে ঘটনাস্থলে মারা যায়।
আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী বলেন, নির্বাচনী সহিংসতার বলি মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। আমরা এঘটনার দায়িদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।


