শাল্লা প্রতিনিধি
শাল্লায় নির্বাচনী বিরোধের জের ধরে গর্ভজাত মাকে লাথি মারায় সাড়ে ৬ মাস বয়সী গর্ভজাত শিশুর অকাল মৃত্যু ঘটেছে। রবিবার উপজেলার আটগাঁও ইউনিয়নের শর্মা গ্রামে এই জঘন্য ঘটনা ঘটে। ঐ মহিলার স্বামীর নাম মতিউর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পদে শর্মা গ্রামের দুই প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন গ্রামের কামাল মিয়া। রবিবার সন্ধ্যায় পরাজিত প্রার্থী দ্বিন ইসলামের মামা মতিউর রহমানের বাড়ির উপর দিয়ে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজয়ী প্রার্থী কামালের লোকজন। এসময় মতিউর রহমানের লোকজন বাধা প্রদান করেন। এনিয়ে উভয় পক্ষের লোকজন প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতিতে লিপ্ত হয়। বিজয়ী প্রার্থীর লোকজন জোর করে মতিউর রহমানের ঘরে প্রবেশের চেষ্টা করে। এসময় মতিউর রহমানের স্ত্রী সাড়ে ৬ মাসের অন্তসত্তা লবুনা আক্তার বাধা দেয়ার চেষ্টা করেন। হামলাকারীরা লুবনা আক্তারকে সরানোর জন্য পেটে লাথি দেয়। পেটে লাথি পড়ায় আধ ঘণ্টা পরই সন্তান প্রসব করেন তিনি। পরে ওই শিশু সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
শাল্লা থানার ওসি বজলার রহমান জানান, নির্বাচনী বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুর পরিবার থেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।


