সু.খবর ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। স্থানীয় সরকারের এ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে। বুধবার জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দীপু মনি এসব কথা বলেন।
জেলা পরিষদের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে আরও ধ্বংস করা হলো—বিএনপি নেতা মওদুদ আহমদের এমন বক্তব্যের বিষয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বিএনপি কখন কী বলে, তার কোনো ঠিক নেই। তাদের কাছে গণতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, মানুষ পুড়িয়ে হত্যা করা। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, মানুষ পুড়িয়ে হত্যা করা যদি বিএনপির গণতন্ত্র হয়ে থাকে, তাহলে দেশের মানুষ এমন গণতন্ত্র চায় না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


