বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবিল আয়ানকে অবশেষে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তিনি নীলফামারী জেলায় যোগদান করেছেন। সোমবার তিনি সুনামগঞ্জ ছেড়ে গেছেন। এর আগে গত ৫ জানুয়ারি নীলফামারী গিয়ে যোগদান করেন। গত ৫ নভেম্বর স্থানীয় একটি দৈনিকে সুনামগঞ্জের শাল্লা ফায়ার সার্ভিস স্টেশনের কাজ শেষ না করেই প্রধানমন্ত্রীকে দিয়ে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করানোর সংবাদ ছাপা হয়। পরে এই বিষয়টি তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটি রিপোর্ট দেবার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে সুনামগঞ্জ থেকে স্ট্যান্ড রিলিজ করেন।
জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে শাল্লা উপজেলা সদরের গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে শাল্লা ফায়ার সার্ভিস স্টেশনের কাজ শুরু হয়। সিলেটের আক্তার ট্রেডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান প্রথম বছর কাজ করলেও দ্বিতীয় বছর থেকেই কাজে গাফিলতি শুরু করে। কার্যাদেশ অনুযায়ী ২০১৮ সালে কাজ শেষ হবার কথা থাকলেও কাজ অসমাপ্ত রেখেই এক বছর আগে ঠিকাদারের লোকজন সবকিছু গুটিয়ে চলে আসে।
ঠিকাদারী প্রতিষ্ঠান আক্তার ট্রেডার্স কাজ না করেই এই ফায়ার সার্ভিস স্টেশনের কাজ শেষ দেখিয়ে সিংহভাগ বিলও উত্তোলন করে।
২০১৮ সালের ৮ নভেম্বর দেশের অন্য এলাকার কিছু প্রকল্পের সঙ্গে শাল্লা ফায়ার সার্ভিস স্টেশন ভবনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হয়। অথচ. এখনো (সোমবার পর্যন্ত) এই ফায়ার সার্ভিস স্টেশনের কাজই শেষ হয় নি।
এই অনিয়মের সংবাদ গত ৫ নভেম্বর দৈনিক সুনামগঞ্জের খবরে ছাপা হয়। পরে এই বিষয়টি তদন্তের জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি হয়।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করে। ২৯ ডিসেম্বরে গণপূর্ত বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী মো. আবিল আয়ানকে স্ট্যান্ড রিলিজ করেন। ৫ জানুয়ারি প্রকৌশলী আবিল আয়ান নীলফামারীতে গিয়ে আনুষ্ঠানিক যোগদান করেন। সোমবার তিনি সুনামগঞ্জ ছেড়ে চলে যান।
সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের একজন কর্মচারী জানান, ২৯ ডিসেম্বর নির্বাহী প্রকৌশলী মো. আবিল আয়ান’এর স্ট্যান্ড রিলিজের আদেশ হয়। এরপর আর এই অফিসে কোন কাজ করেন নি তিনি।
বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. আবিল আয়ান বলেন, সব বদলীর আদেশ সব সময়ই স্ট্যান্ড রিলিজের মতোই হয়। আমারও তাই হয়েছে। আমি ৫ জানুয়ারি নীলফামারী যোগদান করেছি। ওখানেই আছি।


