স্টাফ রিপোর্টার
হাট-বাজার, বাসস্ট্যান্ড, গ্রোথ সেন্টার, হোটেল-রেস্তোরায় গণজমায়েত ও আড্ডা নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে জেলা প্রশাসনের ফেসবুক পেইজে এই নির্দেশ দেন জেলা প্রশাসন মোহাম্মদ আব্দুল আহাদ।
সতর্ককরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন পাড়া-মহল্লা, হাটবাজারে বিভিন্ন রেস্টুরেন্ট-দোকানপাটগুলোতে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দোকানদারগণ বিভিন্ন টিভি প্রোগ্রাম সিনেমা-ভিডিও গেম প্রচার করে জনসমাগম করছেন। এতে জনগণের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং অপ্রয়োজনীয় সেখানে আড্ডা হচ্ছে। এজন্য হাট-বাজার, বাসস্ট্যান্ড, গ্রোথ সেন্টার, হোটেল-রেস্তোরায় টিভি চ্যানেলের মাধ্যমে সিনেমা ও প্রোগ্রাম প্রচার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হলো। একই স্থানে উল্লেখিত দোকান সমূহে সকল ধরনের গণজমায়েত-আড্ডা নিষিদ্ধ করা হলো।
এখন হতে এ ধরনের সম্প্রচার করলে তাদের বিষয়ে প্রমাণসহ (ছবি ও ভিডিও) স্থানীয় প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট/পুলিশ/স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট তথ্য প্রদানের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে রবিবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ একটি স্ট্যাটাসে সকল অফিস, মসজিদের ম্যাট ও কার্পেট উঠিয়ে স্যাভলন পানি দিয়ে ঘন ঘন মেঝে পরিস্কার করার অনুরোধ জানান।


