লিপসন আহমদ
নিষেধাজ্ঞা অমান্য করে তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে ভিড় করছেন পর্যটকরা। আগত পর্যটকদের স্বাস্থবিধি মানতে দেখা যায় নি। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে গত ১১ জুন পর্যটন স্পটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় উপজলা প্রশাসন। পাশাপাশি পর্যটকদের যাতায়াতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে টাঙ্গুয়ার হাওরে যাচ্ছেন পর্যটকরা।
টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে ঘোষিত দেশের দ্বিতীয় ‘রামসার সাইট’। এই হাওরের সৌন্দর্য উপভোগ করতে করোনাকে উপেক্ষা করে আসছেন শত শত পর্যটকেরা।
জানা যায়, সারাদেশে করোনার প্রকোপ বাড়ার কারণে তাহিরপুরের সকল পর্যটন কেন্দ্রে গত ১১ জুন শুক্রবার নিষেধাজ্ঞা জারি করে তাহিরপুর উপজেলা প্রশাসন। ফিরিয়ে দেওয়া হয় পর্যটকদের। কিন্তু প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রতিদিন শত শত পর্যটকরা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনোর ঝুঁকি। পর্যটকদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত স্থানীয়রা।
সরজমিনে তাহিরপুর উপজেলা ও টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখা যায়, দূর-দূরান্ত পর্যটকদের জন্য তাহিরপুর উপজেলার নদীর পাড়ে ছোট বড় কয়েশত নৌকার মাঝিরা অপেক্ষা করছে। পর্যটকদের দেখা মাত্র তারা দৌড়ে গিয়ে কি রকম নৌকা লাগবে সেটা জিজ্ঞেস করেন। প্রশাসনের নিষেধ আছে বলে পর্যটকদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত ভাড়া।
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক রিয়াদ আহমেদ বলেন, টাঙ্গুয়ার হাওর এত সুন্দর সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। সত্যি এটা যেন রূপ কথার গল্পের চেয়ে বেশি সুন্দর।
ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক জীবন চৌধুরী ও ইউসুফ আল জিন্নাত বলেন, আমরা পাঁচ বন্ধু ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছি। সত্যি এই রকম সুন্দর জায়গা আমি কখনও দেখিনি। তবে এখানে একটা জিনিস আমার খুব বাজে লেগেছে, প্রশাসনের নিষেধাজ্ঞাকে কাজে লাগিয়ে নৌকার মাঝিরা পর্যটকদের কাছ থেকে দ্বিগুণ টাকা নিচ্ছে।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, বিধিনিষেধ থাকার পরও প্রতিদিন শত শত পর্যটকরা হাওরে নৌকা নিয়ে ঘুরতে যাচ্ছে। শুধু মুখেই বিধিনিষেধ আছে, কার্যক্রমে নেই।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ তরফাদার বলেন, হাওরে যাতে কোন পর্যটকরা যেতে না পারে সেই দিকে আমরা নজরদারি রাখছি। তবে কিছু পর্যটক ব্শ্বিম্ভরপুর ও সুনামগঞ্জ থেকে নৌকা ভাড়া করে হাওরে ঘুরতে যাচ্ছে।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, করোনার কারণে তাহিরপুরে সকল পর্যটন কেন্দ্রের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শত শত পর্যটকরা হাওরে যাচ্ছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।


