নিহতদের পরিবারের দায়ের করা মামলার তদন্তে অগ্রগতি নেই

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় উপজেলার রামদিঘায় পল্লীবিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে মাটিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যুর ঘটনায় মধ্যনগর থানায় দায়ের করা মামলায় তদন্তে কোনো অগ্রগতি নেই। এদিকে রবিবার ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।  
গত ২ মে ওই ঘটনায় ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত রণজিৎ সরকারের ছোট ভাই রিপন সরকার বাদী হয়ে ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজে জড়িত সংশ্লিষ্ট ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে কাজে গাফিলতি এবং অনিয়মের অভিযোগ এনে একটি মামলা করেন। মধ্যনগর থানা পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে জানালেও মামলা দায়েরের পাঁচ দিন পরেও অভিযুক্ত ঠিকাদারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি পুলিশ।
মামলার বাদী নিহত রণজিৎ সরকারের ছোট ভাই জানান, হাইকোর্ট কী তিনি তা চিনেন না, হাইকোর্ট শব্দটি তিনি প্রথম শুনেছেন। নিহত প্রত্যেককে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে জানতে চাইলে বলেন,‘আমরার পরিবারের তিনজন মানুষ মইরা গেল। এখন আমার দুই ভাতিজী ও এক ভাতিজা ও মা’র ভরণ পোষণ ও সকলের বাকী জীবনডা কোন রকমে চইল্লা যাইব। টেকা পাইলে তো আমরার ভালই হয়।’ মধ্যনগর থানায় মামলা করার পর থানা পুলিশ তাঁদের সাথে আর যোগাযোগ করেনি বলে জানান তিনি।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা মধ্যনগর থানার এএসআই লোকমান হোসেনের সাথে যোগাযোগ করতে চাইলে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
মধ্যনগর থানার ওসি মাজহারুল হক রবিবার সন্ধ্যায় জানান, হাইকোর্টের রুল জারি করার বিষয়টি তিনি জেনেছেন। মামলার তদন্ত চলছে। এখনো অভিযুক্ত ঠিকাদারের সাথে তিনি যোগাযোগ করতে পারেননি।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সকালে হঠাৎ পল্লীবিদ্যুতের খুঁটি থেকে তার ছিড়ে মাটিতে পড়ে বিদ্যুতায়িত সেই তারে জড়িয়ে রামদিঘা গ্রামে জগদীশ সরকার (৭৫), ছেলে রণজিৎ সরকার (৪৫), পুত্রবধু রিতা সরকার (৩৫) ও প্রতিবেশী রাকেশ দাসের মেয়ে সোনালী দাস (১০) নিহত হন।