স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার গাগলী-দেবের গ্রাম পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সিলেট থেকে দিরাই যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী-দেবের গ্রাম পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
গাললী ইউনিয়নের বাসিন্দা নরুল হক বলেন, সিলেট থেকে আসা একটি বাস প্রচন্ড গতিতে আসছিল। গাগলী-দেবের গ্রাম পয়েন্টে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আমরা স্থানীয়রা ১০ জনকে উদ্ধার করি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বাবুল হাওলাদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১ জন আহত লোককে পেয়েছি, বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।


