নুরপুর গ্রামীণ বাজার নদীগর্ভে বিলীনের পথে

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামীণ বাজারটি নদীগর্ভে বিলীন হতে চলেছে। সুরমা নদীরপাড়ে অবস্থিত এই বাজারে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা করে আসছেন। বাজারে দোকানপাট রয়েছে শতাধিক। নুরপুর ও সোনাপুর গ্রামের ব্যবসায়ী ছাড়াও অন্যান্য গ্রামের ক্রেতা বিক্রেতারা এই বাজারে প্রতিদিন আসেন। বাজার রক্ষায় নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়ার দাবি ব্যবসায়ীদের।
স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আছদ্দর আলী, মইন উদ্দিন, শাহরুখ মিয়া, লায়েক মিয়া, উবায়দুল হক, বাবুল মিয়া, আজাদ মিয়া, শাজাহান মিয়া জানান, নুরপুর গ্রামীণ বাজারটি এলাকার মানুষের বেচাকেনা করার একমাত্র জায়গা। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে পড়ে নুরপুর গ্রামীণ বাজারের অর্ধেকাংশ, একাধিক ঘর-বাড়ি, ১টি মসজিদ, ফসলি জমি, গাছ-পালা বিলীন হয়েছে। পার্শ্ববর্তী সোনাপুর গ্রামের নদীরপাড়ের একাধিক ঘর-বাড়ি, ফসলি জমি ও গাছ-পালা বিলীন হয়েছে। বর্তমানে নুরপুর গ্রামীণ বাজার ও গ্রামের প্রায় ৫০টি ঘর-বাড়ি, সোনাপুর গ্রামের আরও ৫০টি ঘর-বাড়ি হুমকির মুখে রয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহবুব আহমদ অপু, বকুল মিয়া, মাসুক আহমদ, তালেব মিয়া বলেন, নুরপুর বাজারের অনেক দোকানপাট সুরমা নদীতে বিলীন হয়েছে। ব্যবসায়ীরা দোকানপাট গড়ে তোলার জায়গা পাচ্ছেন না। নদী ভাঙন প্রতিরোধ না করলে পুরো বাজারটি ধ্বংস হয়ে যাবে।’
স্থানীয় ইউপি সদস্য মো. আলী নুর বলেন,‘ভাঙনের কবলে পড়ে বাজারের অর্ধেক অংশ চলে গেছে নদীতে। নুরপুর ও সোনাপুর গ্রামের শতাধিক ঘর-বাড়ি, ফসলি জমি ও গাছ-পালা বিলীন হয়েছে নদীতে। দীর্ঘদিন আগে থেকে এই ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ উদ্যোগ নেয়নি।’