নোয়াগাঁওয়ে হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করলেন গ্রামবাসী

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে নোয়াগাঁও গ্রামবাসী ও শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম। পরে গত বছরের ১৭ মার্চ নোয়াগাঁওয়ে হামলা ও লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেন তারা।
বৃহস্পতিবার সকাল ৯ টায় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। সেখান থেকে র‌্যালি করে উপজেলা সদরে সামনে আসেন গ্রামবাসী।
উপজেলা ভূমি অফিসের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অনিল দাস, বীর মুক্তিযোদ্ধা পুতুল দাস, বাহারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রামানন্দ দাশ, হবিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুস সাত্তার, আইনজীবী সুব্রত দাশ, অর্জুন চক্রবর্তী, সাবেক ব্যাংক কর্মকর্তা অবিনাশ দাস, অসিম চক্রবর্তী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত বছরের ১৭ মার্চ ফেসবুকে ঝুমন দাস নামের যুবক হেফাজতের নেতা মামুনুল হক এর সমালোচনা করে স্ট্যাটাস দেওয়ায় মামুনুল হক এর সমর্থকেরা শাল্লার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁওয়ে হামলা লুটপাট ও ভাংচুর চালায়। তারা ৮৮ বাড়ি ঘরে হামলার সময় ৮ টি পারিবারিক মন্দিরও ভাংচুর করে। এ ঘটনায় তিনটি পৃথক প্রায় ১৫ শ, জনকে আসামি করা হয়। ১৫০ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এরা এখন জামিনে রয়েছেন।