নৌকা প্রতীক প্রত্যাশীরা ইশ্তেহার তৈরিতে ব্যস্ত

বিশেষ প্রতিনিধি
জেলার ১১ উপজেলায় নির্বাচন হবে দ্বিতীয় ধাপ থেকে ষষ্ঠ ধাপ পর্যন্ত। অর্থাৎ ৩১ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত। জেলার ছাতক উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচন ৩১ মার্চ। তৃতীয় ধাপে (২৩ এপ্রিল) হবে সদর, দোয়ারাবাজার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২৬ টি ইউনিয়নের নির্বাচন। চতুর্থ ধাপে (৪ মে) হবে জগন্নাথপুর উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচন। ৫ম ধাপে (২৮ মে) হবে দিরাই-শাল্লার ১৩ ইউনিয়নের নির্বাচন। ষষ্ঠ ধাপে (৪ জুন) হবে বিশ্বম্ভরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুরের ২৭ ইউনিয়নের নির্বাচন। জেলার ১১ উপজেলায়ই নির্বাচনী ইশ্তেহার তৈরির জন্য আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত হয়ে উঠেছেন। প্রার্থীদের কেউ কেউ নিজেরাই ইশ্তেহার তৈরি করছেন। কেউ কেউ আবার অন্যদের কাছে সহযোগিতার জন্য ছুটছেন। জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন শুক্রবার বিকালে জেলার বিভিন্ন ইউনিয়নে যারা নৌকা প্রতীক চান তাদের সকলকেই জীবন বৃত্তান্তের সঙ্গে নির্বাচনী ইশ্তেহার জমা দেবার নির্দেশ দেওয়ায় ইশ্তেহার তৈরির জন্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে। ইশ্তেহার গণমূখী এবং গ্রহণযোগ্যভাবে তৈরি করার প্রতিযোগিতা শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে।
সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আপ্তাব উদ্দিন বলেন-‘নির্দেশ পাওয়ার পর আমি ইশ্তেহার তৈরির জন্য কাজ করছি, আমি চেষ্টা করছি, আমার ইউনিয়নে ভোটের হিসাব, নারী-পুরুষদের কর্মসংস্থান বিষয়ে তথ্য দিতে, শিক্ষা-দীক্ষার তথ্য দিতে, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির তথ্য দিতে, ইউপি তথ্য কেন্দ্রের সঙ্গে কত শতাংশ মানুষের যোগাযোগ রয়েছে এসব তথ্য জানাতে’।
শহরতলির কোরবাননগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামছুদ্দিন আহমদ বলেন, ‘ইশ্তেহারে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের চিন্তা এবং মানুষ এর উপকার আরো বেশি কীভাবে করতে পারে, সড়ক যোগাযোগ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার আরো উন্নয়ন কীভাবে করা যায়, এসব বিষয় উল্লেখ করবো’।
সুরমা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমির হোসেন রেজা বলেন,‘আমার নির্বাচনী ইশ্তেহারে সুরমা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার সকল বিষয় সন্নিবেশিত করবো’। তিনি জানান, নির্বাচনী ইশ্তেহারে  ভবিষ্যতে সুরমা ইউনিয়ন কমপ্লেক্স ইব্রাহিমপুর গ্রামের উত্তরে, ইউনিয়নের সকল গ্রামের সংযোগ স্থলে, সকলের মতামতের ভিত্তিতে যাতে হয় এই প্রস্তাব রাখবেন।
মধ্যনগরের চামরদানী ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না বলেন,‘জীবন-বৃত্তান্তের সঙ্গে ইশ্তেহার দেবার নির্দেশনা দেওয়ায়- ভোটের আগেই জনগণের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এতে করে জনগণের আস্থা পেতে সহযোগিতা হবে এবং সংগঠন যে সৃজনশীল হচ্ছে এই ম্যাসেজও জনগণ পাবেন’। তিনি জানান, ইশ্তেহারে উল্লেখ করবো-‘আমি নির্বাচিত হলে শতভাগ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবার চেষ্টা করবো। নন্দিপাড়া কামারগাঁও থেকে দুগনই পর্যন্ত, কাদিপুর বাজার হতে কাহালা পর্যন্ত এবং সাড়েরকোনা বাজার হতে শালদিগা হয়ে আমজোড়া পর্যন্ত সড়ক নির্মাণ করবো’।
জেলা আওয়ামী লীগের সাধারণ ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন, ‘নৌকা প্রতীক পাওয়ার পর বিজয়ী হবেন কীভাবে এর ব্যাখ্যা দিতে হবে, একই সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নের অনেক লক্ষ্য আছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কী ভূমিকা রাখবেন, গ্রামে-গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর জন্য কীভাবে উদ্যোগ গ্রহণ করবেন, নারী-শিশুদের জন্য কী পরিকল্পনা আছে, এসব বিষয় ইশ্তেহারে থাকতে হবে। গ্রামে-গঞ্জে আওয়ামী লীগের ভোটার বাড়ানোর জন্য নতুন চিন্তা ও পরিবর্তনের রাজনীতি শুরু করার জন্যই জীবন-বৃত্তান্তের সঙ্গে ইশ্তেহার জমা দেবার কথা বলেছি’।