নৌকা প্রার্থীর কার্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা

ধর্মপাশা প্রতিনিধি
নির্বাচনে ভোট সংগ্রহের কৌশল হিসেবে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাসরিন সুলতানা দিপার পক্ষে তাঁর নির্বাচনী কার্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। দিপার আত্মীয় ডা. আওলাদ হোসেন নামের একজন চিকিৎসক সোমবার দিনব্যাপী বাবুপুর বাজারে ২০০ নারী পুরুষকে ফ্রি চিকিৎসা দিয়েছেন। ডা. আওলাদ হোসেন নৌকার পক্ষে ভোট প্রাথর্না করে চিকিৎসা কার্যক্রমের ছবিও ফেসবুকে পোস্ট করেছেন।
দিপাই প্রথম ধর্মপাশা উপজেলার ১০টি ইউনয়িনের মধ্যে নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছেন। দিপার বাবা প্রয়াত গিয়াস উদ্দিন চৌধুরী ও তাঁর নানা প্রয়াত হাজ্বি মনির উদ্দিন চৌধুরী ছিলেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জনপ্রতিনিধি হিসেবে পারিবারিক ঐতিহ্যকে ধরে রাখতে এবং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বেড়াজাল ছিন্ন করে নারীর ক্ষমতায়ানকে সুপ্রতিষ্ঠিত করতে স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তিনি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ হোসেন বলেন, ‘নির্র্বাচনের একদিন আগে নির্বাচনী কার্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া এক প্রকার প্রতারণা। ভোট সংগ্রহের উদ্দেশ্যেই এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।’
এ ব্যাপারে নাসরিন সুলতানা দিপা মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।
সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান বলেন, ‘নির্বাচনী কার্যালয়ে চিকিৎসা সেবা দিতে পারবে কি না এ ব্যাপারে নির্বাচন আচরণ বিধিতে কোনো কিছু উল্লেখ নেই।’