নৌ ও যান চলাচলে নিষেধাজ্ঞা উপর নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদে নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন, ভোটের আগে এবং পরে নৌ ও যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ইসি জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ট্রাক, পিকআপসহ লঞ্চ, স্পিড বোট, ইঞ্জিনচালিত যেকোনো ধরনের নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। ২৬ ডিসেম্বর সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ৬ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত লঞ্চ, স্পিড বোট, ইঞ্জিনচালিত সকল ধরনের নৌ-যান এবং স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত গুহীত হয়েছিল।
তবে ইসি জানায়, সকল ধরনের ইঞ্জিনচালিত নৌযানের উপর নিষেধাজ্ঞা আরোপ না করে শুধু লঞ্চ ও স্পিড বোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বিশেষ করে ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞা বহির্ভূত রাখতে হবে।
এদিকে নির্বাচন উপলক্ষ্যে ৬ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সাথে ৫ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ইসি জানায়, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনি এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। সেই সাথে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
প্রসঙ্গত, তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী এবং সাধারন সদস্য ও সংরক্ষিত পদে ৩৯৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।