পঞ্চম ধাপে ৩ উপজেলার ১৮ ইউপিতে ভোট ৫ জানুয়ারি

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে সুনামগঞ্জের ১৮ ইউপি সহ দেশের ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি। ৯০-তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার শনিবার ২৭ নভেম্বর নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
পঞ্চম ধাপে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪টি, জামালগঞ্জ উপজেলার ৪টি এবং ধর্মপাশা উপজেলার ১০টি সহ মোট ১৮ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও, হবিবপুর, বাহারা, শাল্লা। জামালগঞ্জ উপজেলার বেহেলি, সাচনাবাজার, ভীমখালি, ফেনারবাঁক এবং ধর্মপাশা উপজেলার সেলবরষ, পাইকুরহাটি, সুখাইর রাজাপুর উত্তর, মধ্যনগর, চামরদানী, বংশীকুন্ডা উত্তর, বংশিকুন্ডা দক্ষিণ, সুখাইড় রাজাপুর দক্ষিণ, জয়শ্রী, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে আজ ২৮ নভেম্বর ১০০০ ইউপিতে ভোট হবে। এছাড়া চতুর্থ ধাপে ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।
তফসিল ঘোষণার সময় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে ইতোমধ্যে ৯ বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই বছরের ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।