পণতীর্থ ও শাহ আরেফিনের মেলা, মোটরসাইকেল ও লেগুনা-সিএনজি ভাড়া নির্ধারণ

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
প্রাচীন লাউড় রাজ্যের শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণতীর্থে গঙ্গাস্নান ও বারুনী মেলা এবং শাহ আরেফিন (রা:) এর মেলা উপলক্ষে বিশ্বম্ভরপুরে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ ও ৩১ মার্চ পণতীর্থ গঙ্গা স্নান ও বারুনী মেলা এবং শাহ আরেফিনের মেলা অনুষ্ঠিত হবে।
সভায় আব্দুল জহুর সেতু থেকে পণতীর্থ ও শাহ আরেফিনের মেলা পর্যন্ত ভাড়া নির্ধারণ করে দেয়া হয়। সুনামগঞ্জ শহরের আব্দুল জহুর সেতু থেকে পণতীর্থ ও শাহ আরেফিনের মেলা পর্যন্ত মোটরসাইকেল ভাড়া জনপ্রতি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে লেগুনা ও সিএনজি ভাড়া জনপ্রতি নির্ধারণ করে দেওয়া হয় ১৫০ টাকা।
সুনামগঞ্জ আব্দুল জহুর সেতু থেকে চালবন্দ—পলাশ—ধনপুর—মমিনবাজার হয়ে বারুনী মেলা ও শাহ আরেফিনের মেলা পর্যন্ত ওয়ান—ওয়ে সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে। ফিরতি পথে পথে স্বরূপগঞ্জ—চিনাকান্দি—মথুরকান্দি হয়ে সুনামগঞ্জ আব্দুল জহুর সেতুতে যানবাহন চলাচল করবে।
এছাড়াও সভায় জানানো হয় যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিটি পয়েন্টে পুলিশ বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়াও নৌ পথে পুলিশ টহল এবং স্বাস্থ্য সেবাসহ বিশেষ আইন শৃংখলার ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসারের অফিস কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা প্রকৌশলী মকলেছুর রহমান সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, পলাশ ইউপি চেয়ারম্যান মো. সুহেল আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, শাহ আরেফিন মেলা পরিচালনা কমিটির সহ সভাপতি মো. তসকির আহমদ, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. আলম সাব্বির, পণতীর্থ মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় প্রমুখ।