স্টাফ রিপোর্টার
‘নো মাস্ক নো মুভমেন্ট’ স্লোগানে করোনা মহামারি সংক্রামণরোধে মাঠে নেমেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। হাতে হেন্ড মাইক, স্যানিটাইজার ও মাস্ক। রাস্তায় ঘুরে ঘুরে বিতরণ করছেন অসচেতন মাস্কহীন মানুষদের মাঝে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান’র নির্দেশে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে বুধবার। সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুর রহমান, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর শামসুল আলম প্রমুখ।
রিক্সা চালক কামরান মিয়া বললেন, আমরা অনেকে স্বাস্থ্যবিধি মানি না। আবারও অনেকে মাস্ক পড়ে বের হবার কথা মনে থাকে না। সড়কে পুলিশ দেখলেই মনে হয় মাস্কের কথা। বুধবার সকালে পথে পেয়ে তারা আমাকে জরিমানা না করে মাস্ক দিয়েছে। এতে আমার নতুন করে অভিজ্ঞতা হলো। এখন থেকে বের হবার সময় মাস্কের কথা মনে হবে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বললেন, করোনাকালীন সময়ে কিছু মানুষ যেমন স্বাস্থ্যবিধি মানছেন, আবার কিছু মানুষ মানছেন না। যারা মানছেন না আজকে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছি। মাস্ক বিতরণ করেছি। আজকে আমরা একটা নতুন স্লোগান দিয়ে মানুষের কাছে গিয়েছি। এতোদিন স্লোগান ছিলো ‘নো মাস্ক নো সার্ভিস’ আজকে বলেছি ‘নো মাস্ব নো মুভমেন্ট’। কারণ দিন দিন যেভাবে সংক্রমন বৃদ্ধি পাচ্ছে মাস্কের কোনো বিকল্প নেই।


