পবিত্রকে গাছে বেঁধে নির্যাতন ক্ষমতাসীন দলের পরিচয় কি রক্ষাকবচ হবে?

গাছে বেঁধে বিশ্বম্ভরপুরে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়। উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা পবিত্র ভূষণ তালুকদার যীশু নামের ওই যুবককে যুবায়ের আহমদসহ ৬ ব্যক্তি গাছে বেঁধে নির্যাতন করেছেন। নির্যাতক নেতা যুবায়ের উপজেলা যুব লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক বলে জানা গেছে। নির্যাতিত পবিত্র ভূষণের কোন রাজনৈতিক পরিচয় জানা যায়নি যদিও ধরে নেয়া সংগত হবে যে পবিত্র ভূষণও একজন আওয়ামী সমর্থক। তার মানে দাঁড়ালো কতিপয় আওয়ামী লেবাসধারী যুবক আরেক নিরিহ আওয়ামী সমর্থক পবিত্রকে নির্যাতন করেছে। কী অপরাধ ছিল পবিত্র’র যে তাকে সদলে গাছে বেঁধে পিটাতে হবে? আবছাভাবে ধারণা পাওয়া যায় বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনসংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা সংগঠিত হয়েছে। অন্যদিকে নির্যাতকদের দাবি, পবিত্র খারাপ প্রকৃতির লোক, সে পিরিজপুরের রাবেল নামের এক ব্যক্তির নিকট থেকে নাকি পবিত্র এক লাখ টাকা নিয়েছিল উপরন্তু সে রাবেলকে মারধরও করেছে। তাই তারা পবিত্রকে গাছে বেঁধে পিটিয়েছেন। যুবায়ের অবশ্য সংবাদমাধ্যমের কাছে পবিত্রকে গাছে বাঁধার কথা স্বীকার করেছেন, মারধরের কথা তিনি অস্বীকার করেছেন।
বাংলাদেশের একটি গ্রামে এক যুবককে কয়েকজন যুবক গাছে বেঁধে নির্মমভাবে পেটাতে পারে সেটি বিশ্বাস করা বেশ কঠিন, তারপরেও যেহেতু নির্যাতক নিজেই স্বীকার করে নিয়েছে তাই বিশ্বাস করা ছাড়া আর কোন উপায় থাকে না। যুবায়েরের ভাষ্যমতে পবিত্র যদি কোন এক রাবেলের টাকা ফেরৎ না দেয় কিংবা মারধর করে থাকে তাহলে তো প্রচলিত আইনে এর শাস্তি চাওয়া উচিৎ ছিল। কেন তাকে একা পেয়ে গাছে বেঁধে পিটাতে হবে? এখানে কি নির্যাতকদের প্রচ- দাপট ও সবকিছুকে তোয়াক্কা না করার উদ্ধত মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে না? এই মনোভাবের পিছনে কারণ কি এই যে তারা ক্ষমতাসীন দলের সাথে সম্পর্কিত? যদি তাই হয়ে থাকে তাহলে ক্ষমতাসীন দলের দায়িত্ব হলো এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করা। না হলে দায় তো তাদের নিতেই হবে। অবশ্য উপজেলা যুব লীগের আহ্বায়ক ফজলুল হক তুহিন ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী পবিত্রকে পেটানোর ঘটনাটিকে অমানবিক ও লজ্জাজনক অভিহিত করেছেন। কিন্তু নির্যাতকদের বিরুদ্ধে এ যাবৎ কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে জানা যায় না।
নির্যাতনের শিকার পবিত্র বাদী হয়ে যুবায়েরসহ চার জনের নামোল্লেখ করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুলিশ নাকি আসামীদের ধরার চেষ্টাও করছে। আমরা আশা করব পুলিশ আইনী প্রতিবিধান হিসেবে নিজেদের দায়িত্ব পালন করবেন। দল যদি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন কিংবা প্রত্যক্ষ-পরোক্ষভাবে তাদের ছত্রচ্ছায়া না দেন তাহলে পুলিশের পক্ষে হয়তো আইনানুগ দায়িত্ব পালন করা কিছুটা সহজ হবে। সেই সুযোগ  ক্ষমতাসীন দল দেখাবেন কিনা সেটি এখন দেখার বিষয়।
ঘটনাটির উপযুক্ত প্রতিকার করা না হলে স্থানীয় নিরিহ মানুষ আতংকের মধ্যে পড়ে যাবেন। কে কখন কার রোষানলে পড়ে যান সেই ভয়ে সর্বদা কুঁকড়ে থাকবেন সাধারণ মানুষ। সুনামগঞ্জের মতো একটি শান্তিপূর্ণ জেলায় এরকম দুর্বৃত্তায়ন কোন মহলের কাম্য হতে পারে না। তাই নিরিহ পবিত্রকে নির্যাতনের জন্য দায়ী দোষী ব্যক্তিবৃন্দকে যথাযথ আইনী প্রক্রিয়ায় শাস্তির ব্যবস্থা গ্রহণে সকলে সোচ্চার হবেন বলেই আমরা কামনা করি।