‘পররাষ্ট্র সচিবের এত খুশির কারণ নেই’

সু.খবর ডেস্ক
ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকা সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পত্রিকায় দেখলাম আমাদের পররাষ্ট্রসচিব ভীষণ খুশি। তিস্তার পানি নিয়ে অগ্রগতি না থাকলে এত খুশি হওয়ার কারণ নেই বলে তিনি মনে করেন। শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন। ফারাক্কার ঐতিহাসিক লংমার্চের ৪০ তম বার্ষিকী উপলক্ষে বিএনপি জোটের শরিক দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) এই আলোচনার সভার আয়োজন করে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘নিশ্চয়ই সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ে আলোচনা ও মতৈক্য হবে। অবশ্যই আমরা এর বিরুদ্ধে। কারণ, সন্ত্রাস বা জঙ্গিবাদ যে নামেই হোক, এটা গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেটা দূর করার কথা আমরা বারবার বলেছি, এমনকি বিএনপি বিবৃতি দিয়েও বলেছে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করতে আমরা রাজি আছি। কিন্তু প্রশ্ন হলো, ভারতের সঙ্গে আমাদের যেসব পেন্ডিং (অমীমাংসিত) ইস্যু, তার মধ্যে তো তিস্তার পানি গুরুত্বপূর্ণ ইস্যু। এই নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে তো এত আনন্দিত হওয়ার কারণ দেখি না।’
আলোচনা সভায় নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপির নেতা নজরুল। তিনি বলেন, এখন নির্বাচনে সিল মারার জন্য দলের কর্মীর দরকার হয় না। যারা নির্বাচনের দায়িত্বে থাকে, তারা সিল মেরে ভোটের বাক্স ভরিয়ে দেয়।
বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতা-উত্তর দেশে সমাজতন্ত্রের নামে যা করা হয়, তাতে সমাজতন্ত্রের মতো ভালো একটি জিনিসকে পচিয়ে দেওয়া হয়েছিল। এক-এগারোর সময় মাইনাস টু করতে গিয়ে এখন সংস্কার শব্দটি একটি গালি। সম্প্রতি নির্বাচনের নামে যা ঘটছে, মানুষ বলছে এর নাম যদি নির্বাচন হয়, সে নির্বাচনের দরকার নেই। এভাবে এখন নির্বাচনকেও পচিয়ে দেওয়া হচ্ছে।
নজরুল ইসলাম খান প্রশ্ন তোলেন, ‘নির্বাচন হলো গণতন্ত্রের বাহক। সে নির্বাচন যদি আপনারা নষ্ট করে দেন, পচিয়ে দেন, তাহলে গণতন্ত্র থাকবে কোথায়?’ তিনি বলেন, শুধু ক্ষমতায় থাকার জন্য, লুটপাটের জন্য, অন্যায়-অনাচার চালিয়ে যাওয়ার জন্য নির্বাচনব্যবস্থা-গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিঃশেষ করে দিতে চাচ্ছে।
ফারাক্কা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ফারাক্কার বাঁধ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। কিন্তু সে পরীক্ষা এখনো চলছে। এখন টিপাইমুখে বাঁধ হচ্ছে। হয়তো বলা হবে সেটিও পরীক্ষামূলক। সে পরীক্ষাও আর শেষ হবে না।
বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির সভাপতি গোলাম মোর্ত্তুজা প্রমুখ।