স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটকবাহী নৌকা বৌলাই নদীর পানির নীচে তলিয়ে রয়েছে। জানা যায়, ২০২১ সালে পর্যটন কর্পোরেশন টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভ্রমণের জন্য এ নৌকাটি তাহিরপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্মাণ করে। পরবর্তীতে এটি টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক পরিবহনের জন্য ইজারা দেয়া হয়।
তাহিরপুর বাজারের কাঠ ব্যবসায়ী নির্মল রায় বলেন, ২০২১ সালে নির্মাণাধীন পর্যটন কর্পোরেশনের নৌকা নির্মাণে আমার কাছ থেকে প্রায় ৬ লক্ষ টাকার কাঠ ক্রয় করেছিলেন সংশ্লিষ্ট ঠিকাদার। ঠিকাদার আমাকে জানিয়েছিলেন ১০ লক্ষ টাকায় নৌকা নির্মাণ কাজটি তিনি পেয়েছেন।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর পরিকল্পনা কর্মকর্তা মুস্তাদুদ দস্তগীর বলেন, পর্যটকবাহী নৌকাটি হাওরে চলাচলের জন্য এক ব্যক্তিকে ইজারা দেয়া হয়েছিল। ইজারা মেয়াদ শেষ হওয়ায় নৌকাটি বর্তমানে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে রয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর নৌকাটি দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার করে মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।


