সু.খবর ডেস্ক
তৈরি পোশাক কারখানা পরিদর্শনের নামে অভিনব ব্যবসা করছে ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড এবং অ্যালায়েন্স। শনিবার সিপিডির সংলাপে প্রকাশ্যে এ অভিযোগ ওঠে। এ সময় এ দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ৬ দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। বিজিএমইএর এক নেতা অভিযোগ করেন, নির্দিষ্ট কিছু কোম্পানির যন্ত্রাংশ না কিনলেই ওই কারখানার বিরুদ্ধে তারা খারাপ রিপোর্ট দিচ্ছে। তবে অ্যাকর্ডের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।
রানা প্লাজা ট্রাজেডির পর বাংলাদেশে তৈরি পোশাক কারখানা পরিদর্শন শুরু করে ইউরোপের ক্রেতাদের জোট অ্যাকর্ড এবং যুক্তরাষ্ট্রের ক্রেতাদের প্রতিষ্ঠান অ্যালায়েন্স। সিপিডির সংলাপে বিজিএমইএর সাবেক নেতা আরশাদ জামাল অভিযোগ করে বলেন, বিভিন্ন গার্মেন্ট পরিদর্শনে এসে ইটিপি স্থাপনে কারিগরি দিক দেখা ও বিশেষ কয়েকটি কোম্পানি থেকে যন্ত্রাংশ কিনতে চাপ দেয়া হচ্ছে অ্যাকর্ডের পক্ষ থেকে। এর সবগুলোই বিদেশী বাণিজ্যিক প্রতিষ্ঠান। কেউ কিনতে রাজি না হলে ওই কারখানার বিরুদ্ধে খারাপ রিপোর্ট দেয়া হয়। আরশাদ জামাল বলেন, সংস্থাটির কারণে বাংলাদেশের অনেক পোশাক মালিক গার্মেন্ট ব্যবসা বন্ধ করে দিয়েছেন। তারা অন্য ব্যবসা শুরু করেছেন। তার মতে, অ্যাকর্ডের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আরও অনেক উদ্যোক্তা ব্যবসা বন্ধ করে দেবেন। এর আগেও অ্যাকর্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে।
তবে অনুষ্ঠানে উপস্থিত অ্যাকর্ডের বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক রবওয়েস অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা শুধু তথ্য আদান-প্রদান করছি। কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ থাকলে আমাদের সুনির্দিষ্টভাবে জানাতে হবে। আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তিনি বলেন, আমাদের কার্যক্রম স্বচ্ছ। আর আমরা যে তথ্য পাই, তা আমাদের ওয়েবসাইটে তুলে ধরা হয়।
- সৃজনশীল সফল করতে বেশি করে বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
- শাল্লায় হাওরের রাস্তার বেহাল দশা, কৃষক বিপাকে


