পলাতক থেকে দৈনিক পত্রিকা সম্পাদনা- ছেলেসহ রাগীব আলী বিরুদ্ধে প্রতারণার আরেক মামলার যুক্তিতর্ক ৬ মার্চ

সিলেট অফিস
পলাতক অবস্থায় সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক সম্পাদনা ও প্রকাশনা করে প্রতারণার অভিযোগে রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করে আগামী ৬ মার্চ যুক্তিতর্কের তারিখ ধার্য হয়েছে। বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো যুক্তিতর্কের তারিখ ধার্য করেছেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
একই আদালতে গত ২ ফেব্রুয়ারি তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ছেলেসহ রাগীব আলীকে ১৪ বছর করে কারাদ- দেওয়া হয়। ছেলে-মেয়েসহ রাগীব আলীর বিরুদ্ধে তারাপুর চা-বাগান দখল করে সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অপর একটি মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের স্বাস্থ্য পরীক্ষার আবেদন করায় এ মামলার রায় ঘোষণা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
আদালত সূত্র জানায়, এ দুটো মামলায় গত বছরের ১০ আগস্ট আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে রাগীব আলী ছেলেকে নিয়ে পালিয়ে ভারত চলে যান। রাগীব আলী সিলেটের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদকমন্ডলীর সভাপতি এবং তাঁর ছেলে আবদুল হাই পত্রিকার সম্পাদক হিসেবে নাম ছাপা হয়। পলাতক অবস্থায় পত্রিকা সম্পাদনার এ দায়িত্ব পালন করে পাঠকের সঙ্গে প্রতারণা করেছেন-এ অভিযোগে সিলেট নগরের শাহজালাল উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার গত বছরের   
৮ সেপ্টেম্বর মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। আদালত ওই দিন মামলাটি আমলে নিয়ে দ-বিধির ৪১৭ ধারায় তাঁদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। তবে সমন পাওয়ার পর জবাব না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত ২৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য হয়।
পত্রিকা প্রকাশনা ও সম্পাদনা সংক্রান্ত বিষয়ে নিয়মিত প্রকাশিত ২৯টি জাতীয় দৈনিক পত্রিকার প্রকাশনাকে সাক্ষী রাখা হয়েছিল। এ ছাড়া মামলার বাদী, বাদী পক্ষের আইনজীবীসহ ছয়জন সাক্ষী ছিলেন। এরমধ্যে গুরুত্বপূর্ণ তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে যুক্তিতর্কের তারিখ ধার্য করেন। সাক্ষ্য গ্রহণকালে রাগীব আলী ও ছেলে আবদুল হাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন, পলাতক অবস্থায় সম্পাদনাজনিত প্রতারণার জন্য রাগীব আলীর ৫৮ বছর ও তাঁর ছেলে আবদুল হাইয়ের ২৯ বছরের কারাদ-ের আবেদন করেছেন মামলার বাদী। আদালতকে প্রতারণার বিষয়টি যথাযথভাবে উপস্থাপন করতে আমরা সক্ষম হয়েছি। যুক্তিতর্কের পর মামলার তারিখ ধার্য হলে এ রায়ের মধ্য দিয়ে পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার ক্ষেত্রে আইন মান্য করার অনন্য একটি উদাহরণ স্থাপিত হবে বলে আমরা মনে করি।