পল্লীবিদ্যুতের তদন্ত প্রতিবেদনে দায়মোচন ‘নির্মাণ কাজে ত্রুটি ছিল না’

এনামুল হক এনি, ধর্মপাশা
‘ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের রামদিঘা গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার কাজে কোনো ত্রুটি ছিল না। দুটি তারের ঘর্ষণের ফলে খুঁটি থেকে তার ছিড়ে এ দুর্ঘটনা ঘটেছে।’
মর্মান্তিক ৪ মৃত্যু নিয়ে পল্লী বিদ্যুতের তদন্তে এমন তথ্যই উদঘাটিত হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদককে জানিয়েছেন নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির জিএম মুজিবুর রহমান।
পল্লী বিদ্যুতের এমন তদন্ত প্রতিবেদনের বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ হয়েছেন এলাকার লোকজন ও জনপ্রতিনিধিরা।
গত মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের রামদিঘা গ্রামে পল্লীবিদ্যুতের তার ছিড়ে সেই তারে জড়িয়ে ওই গ্রামের রণজিৎ সরকার (৪৫), তাঁর স্ত্রী রিতা সরকার (৩৫), বাবা জগদীশ সরকার (৭৫)       ও রাকেশ দাসের মেয়ে সোনালী সরকার (১০) নিহত হন। ওইদিন পল্লীবিদ্যুতের কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে যান। তাঁরা লাশ ময়নাতদন্ত ছাড়াই সৎকারের নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকার করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতি ওইদিনই তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়। কিন্তু তদন্ত প্রতিবেদনে এ মর্মান্তিক ঘটনাকে একটি নিছক দুর্ঘটনা বলে নিজেদের দায়মোচনের চেষ্টা করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ওইদিন সকালে কোনো বাতাস ছিল না। এমনিতেই হঠাৎ করে বিদ্যুতের তার ছিড়ে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পল্লীবিদ্যুৎ এ ঘটনাকে একটি দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে পারে না।
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া বা আইনগত সহায়তা দিতেও কেউ এগিয়ে আসছে না। থানা পুলিশ লিখিত অভিযোগ না পাওয়ায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অপরদিকে আর্থিক সংকটের কারণে নিহতদের পরিবার আইনগতভাবে বিচার পাওয়ার জন্য এগিয়ে যেতে পারছেন না। স্বজনদের হারিয়ে নিহতদের পরিবারের লোকজন এখন দুর্বিসহ জীবন যাপন করছেন।
চামরদানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না জানান, তিনি এখন ঢাকায় আছেন। আগামী দু’এক দিনের মধ্যে এলাকায় এসে নিহতদের পরিবারকে সুবিচার পাইয়ে দিতে ও রামদিঘায় পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার কাজে অবহেলা এবং অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করবেন।   
মধ্যনগর থানার ওসি মো. মাজহারুল হক জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কেনো লিখিত অভিযোগ করেননি। পল্লীবিদুতের একটি তদন্ত কমিটি দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তিনি সে ব্যাপারে কিছু জানেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, নিহতদের পরিবার যদি আইনি সহায়তা চায় তাহলে সব রকম সহযোগিতা করা হবে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারকে আইনগত সহায়তা দেওয়ার জন্য ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে।