স্টাফ রিপোর্টার
শহরতলির উত্তরপাড়ের বৃহৎ গ্রাম সৈয়দপুর-মুসলিমপুরে পল্লী বিদ্যুতের কাজ করার সময় বাড়িতে বাড়িতে বিদ্যুৎ দেবার কথা বলে কমপক্ষে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে। অবশ্য ঠিকাদার আব্দুশ শহীদ বলেছেন, ‘এসব অভিযোগ সত্য নয়’।
জানা যায়, পল্লী বিদ্যুতের আওতায় গত প্রায় ৪ মাস আগে সুনামগঞ্জ শহরতলির সৈয়দপুর ও মুসলিমপুরের প্রায় ১১’শ গ্রাহকের বিদ্যুৎ সংযোগের খুঁটা এবং লাইন টানানো হয়। এসময় বাড়িতে বাড়িতে বিদ্যুৎ দেবার কথা বলে ঠিকাদার আব্দুশ শহিদের লোকজন কয়েক’শ গ্রাহকের কাছ থেকে পাঁচ’শ থেকে পাঁচ হাজার টাকা আদায় করে। কিন্তু অনেক পরিবারকেই বিদ্যুৎ সংযোগ না দিয়ে ঠিকাদারের লোকজন কাজ শেষ দেখিয়ে এলাকা ছেড়ে চলে গেছে।
মুসলিমপুরের বাসিন্দা কামাল মিয়া বলেন,‘আমার কাছ থেকে ৩০০০ টাকা নিয়েছে পল্লী বিদ্যুতের ঠিকাদার আব্দুশ শহিদের কর্মচারী রফিক। কিন্তু তারা কাজ শেষ করে এলাকা ছেড়ে চলে গেছে। এখনও টাকা ফেরৎ দেয়নি। আমার বাড়িতে বিদ্যুতের সংযোগও দেয়নি। একইভাবে সৈয়দপুরের ইসমাইল মিয়ার কাছ থেকে ৫০০০ টাকা নিয়েছে। কিন্তু বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়নি।
স্থানীয় সমাজকর্মী নাদীর শাহ্ বলেন,‘১১’শ গ্রাহকের কাছ থেকেই ঠিকাদারের লোকজন ৫০০ থেকে ৫০০০ টাকা নিয়েছে। অর্থাৎ প্রায় ১০ লাখ টাকা এই দুই গ্রাম থেকে হাতিয়ে নিয়েছে এরা। এখনও অনেকের টাকা ফেরৎ দেয়নি। বিদ্যুৎ সংযোগও দেয়নি। ফোনে কথা বললে গালি-গালাজ করে’।
পল্লী বিদ্যুতের ঠিকাদার আব্দুশ শহীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এসব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন,‘৩ মাস আগে ডিজাইন মোতাবেক ঐ এলাকায় কাজ শেষ করেছি আমরা। কারো কাছ থেকে টাকা নেবার প্রশ্নই ওঠে না। প্রায় ১০০ বাড়িতে তারের সংকটের কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়নি। এগুলোও তার পাওয়া গেলেই লাইন দেওয়া হবে।’
পল্লী বিদ্যুতের এজিএম মো. ইমরুল হাসান এই প্রসঙ্গে বলেন,‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিয়ে দেখবো এবং দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলীকেও বিষয়টি জানাবো’।
পল্লী বিদ্যুতের জিএম সুহেল পারভেজ বলেন, এ ধরনের অসততার সাথে পল্লী বিদ্যুতের কোন কর্মকর্তা-কর্মচারী যুক্ত নয়। কিছু কিছু স্থানে এরকম অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর বেশ কিছু অভিযুক্তের বিরুদ্ধে আমরা মামলাও দায়ের করেছি। সৈয়দপুর মুসলিমপুরে এমন হলে ভূক্তভোগীরা লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। আমরা কঠোর ব্যবস্থা নিব।’


