স্টাফ রিপোর্টার
দুদকের মামলায় হাওর দুর্নীতি নিয়ে বরখাস্তকৃত পাউবোর সুনামগঞ্জের বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিনের বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ করা হয়েছে সেগুলো হলো, ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে না পারায় ১ মাস সময় বর্ধিত করা হয়। বর্ধিত সময় অতিক্রম করা সত্বেও সম্পূর্ণ কাজ বাস্তবায়ন না করে ৮৪ জন ঠিকাদারদের অবৈধ সুযোগ করে দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রতি বছরে বন্যা আসার সময় ও আশংকা সম্বন্ধে অবহিত থাকা সত্বেও কাজ শুরু না করা, ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তথা টেন্ডার চুক্তি বাতিল না করা, কালো তালিকাভুক্ত ও ক্ষতিপূরণ আদায় না করা, নতুনভাবে টেন্ডার আহবান না করায় তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রকল্প বাস্তবায়ন তদারকিতে গাফিলতি করে প্রকারান্তরে ঠিকাদারদের অবৈধভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিয়েছেন।
মামলার পাউবোর
সিলেট সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সিলেট উত্তর পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই-এর বিরুদ্ধে যেসব অপরাধ উল্লেখ করা হয়েছে সেগুলো হলো, সরকারি দায়িত্বপালনে গুরুতর অবহেলা করে নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রকল্প বাস্তবায়নে অধস্থন কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্ব সঠিকভাবে মনিটরিং ও কন্ট্রোলিং না করে ক্ষমতার অপব্যবহার করে প্রকারান্তরে ঠিকাদারদের অবৈধভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রকল্প বাস্তবায়ন না করার দায়ে অধস্থন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে ক্ষমতার অপব্যবহার করেছেন। ৮৪ জন ঠিকাদার যথাসময়ে কাজ না করা সত্বেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তথা টেন্ডার চুক্তি বাতিল, কালো তালিকাভুক্তি ও ক্ষতিপূরণ আদায় না করা, নতুনভাবে টেন্ডার আহবান না করে ক্ষমতার অপব্যবহার করেছেন। জনসাধারণ ও কৃষকের আর্থিক ক্ষতিসাধানে অবৈধভাবে সহযোগিতা করেছেন।
সুনামগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী দিপক রঞ্জন দাস, খলিলুর রহমান, সেকশন কর্মকর্তা মো. শহিদুল্লা, ইব্রাহিম খলিল উল্লাহ্ খান, খন্দকার আলী রেজা, মো রফিকুল ইসলাম, মো. শাহ আলম, মো. বরকত উল্লাহ ভুঁইয়া, মো. মাহমুদুল করিম, মো. মোসাদ্দেক, সজীব পাল ও মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে যেসব অপরাধের কথা উল্লেখ করেছেন সেগুলো হলো-২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে না পারায় ১ মাস সময় বর্ধিত করা হয়। বর্ধিত সময় অতিক্রম করা সত্বেও সম্পূর্ণ কাজ বাস্তবায়ন না করে ঠিকাদারদের অবৈধ সুযোগ করে দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রতি বছরে বন্যা আসার সময় ও আশংকা সম্বন্ধে অবহিত থাকা সত্বেও কাজ না করা, ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তথা টেন্ডার চুক্তি বাতিল, কালো তালিকাভুক্ত ও ক্ষতিপূরণ আদায় না করা, নতুনভাবে টেন্ডার আহবান না করে ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রকল্প বাস্তবায়ন তদারকিতে গাফিলতি করে প্রকারান্তরে ঠিকাদারদের অবৈধভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিয়েছেন। সরকারি দায়িত্বপালনে গুরুতর অবহেলা করে নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে ঠিকাদারদের যথাযথভাবে বাস্তবায়ন ও তদারক না করে জনসাধারণ ও কৃষকের আর্থিক ক্ষতি করেছেন।


