পাউবোর বড়কর্তারাই বাঁধ নির্মাণের বড় ঠিকাদার

বিশেষ প্রতিনিধি ও টিপু সুলতান
প্রায় ৮২ লাখ টাকার দুটি হাওর রক্ষা বাঁধের ঠিকাদার সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী ও এক উপ-বিভাগীয় প্রকৌশলী। বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট। দিরাই উপজেলার প্রত্যন্ত হাওর কালিকুটায় এই দুটি হাওর রক্ষা বাঁধ হচ্ছে এবার। কালিকুটা হাওরপাড়ের ৫৬ টি গ্রামের মানুষই এই বিষয়টি জানেন। অবশ্য. পাউবো’র এই দুই কর্মকর্তাই এসব ‘ভুয়া কথা’ বলে মন্তব্য করেছেন। এই কাজ দুটি’র ঠিকাদারী প্রতিষ্ঠান হবিগঞ্জের মেসার্স আব্দুল কাইয়ুম কনস্ট্রাকশন বলে দাবি তাদের।
দিরাই উপজেলার রফিনগর ও চরনারচর ইউনিয়নের ৫৬ টি গ্রামের প্রায় এক লাখ কৃষকের জীবিকা কালিকুটা হাওরের বোরো ফসলের উপর নির্ভরশীল। হাওরের ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষার জন্য কয়েকটি পিআইসি ছাড়াও দুটি প্যাকেজে (প্যাকেজ- ৯’এ ৩.১০০ কিলোমিটার বাঁধে ব্যয় ধরা হয়েছে ৪০.৮৪ লাখ টাকা এবং প্যাকেজ-১১’তে ১.৬০০ কিলোমিটার বাঁধে ব্যয় হবে ৪০.৫১ লাখ টাকা) প্রায় ৮২ লাখ টাকার বাঁধের কাজ দরপত্র প্রক্রিয়ায় ঠিকাদারদের মাধ্যমে করার কথা। কাগজে-পত্রে তাই দেখানো হচ্ছে। কিন্তু দুটি কাজেরই পরোক্ষাভাবে ঠিকাদার সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন আহমদ ও উপ-বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান। হাওরপাড়ের কৃষকরাও তাই জানেন।
জাগো দিরাইয়ের সভাপতি আবুল কাশেম চৌধুরী বলেন,‘কালিকুটা হাওরের বড় দুটি বাঁধের কাজ পাউবো’র ইঞ্জিনিয়াররা করছেন এটি অনেকেই আমাদের বলেছেন, হবিগঞ্জের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে তারা এই দুটি বাঁধের কাজ করাচ্ছেন, বাঁধের কাজে নিয়োজিত শ্রমিকদের টাকা পরিশোধ করেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসাইন বলে জানিয়েছেন স্থানীয়রা। বাঁধ দুটির কাজ এখনো ৩০ ভাগও হয়নি। অথচ এই হাওরে জমি রয়েছে ৩ হাজার দু’শ হেক্টর। হাওরের ফসল অকাল বন্যায় তলিয়ে গেলে পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তারাই দায়ি থাকবে’।
হাওরপাড়ের রফিনগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী বলেন,‘কালিকুটা হাওরের দুটি হাওর রক্ষা বাঁধেই বা প্রকল্প এলাকায় বাঁধের দৈর্ঘ, প্রস্থ, উচ্চতা বা কোন ঠিকাদারী প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে এসব লিখে সাইনবোর্ড লাগানো নেই। এই অবস্থায় কে বা কারা কাজ করছে, এটি জানার উপায় নেই’।
পাউবো’র একটি সূত্র জানায়, দিরাই উপজেলার বাঁধের কাজের দেখভালের দায়িত্বে এবার ছিলেন উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম খলিল। তাঁকে ওখানকার বাঁধ দেখভালের দায়িত্ব থেকে শুরুতেই সরিয়ে দিয়ে দেখভালের দায়িত্ব দেওয়া হয়  নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন ও উপ-বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমানের ঘনিষ্ট হিসাবে পরিচিত উপ-সহকারী প্রকৌশলী শহীদুল্লাকে।
উপ-সহকারী প্রকৌশলী শহীদুল্লাকে কালিকুটা হাওরের এই দুটি বাঁধের কাজের ঠিকাদার কে, পরিচয় জানতে চাইলে তিনি বলেন,‘কাগজে পত্রে মালিক হবিগঞ্জের মেসার্স আব্দুল কাইয়ুম নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান। ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিককে আপনি দেখেছেন কী-না, বা কথা হয়েছে কী-না, এমন প্রশ্নের জবাবে শহীদুল্লা বলেন,‘আমার সঙ্গে ঐ ঠিকাদারের দেখা হয়নি, ফোনেও কথা হয়নি। বাঁধের কাজের পাশে অলিউর রহমান নামের ঠিকাদারের একজন প্রতিনিধি আছেন’।
অলিউর রহমানকে মুঠোফোনে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে বলেন,‘আমি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আব্দুল কাইয়ুম’র প্রতিনিধি হিসাবে এখানে আছি। অবসরপ্রাপ্ত এসও সাজ্জাদ হোসাইন শ্রমিকদের পারিশ্রমিকের টাকাসহ সবকিছুই মেটাচ্ছেন কিভাবে, এই প্রশ্নের জবাবে অলিউর রহমান বলেন,‘কাইয়ুম সাবের বন্ধু হিসাবে তিনি সাইড দেখা শুনা করেন’।
অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমানকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন,‘আমি নির্বাহী প্রকৌশলীর অনুরোধে সাইড দেখিয়ে দিয়ে এসেছি, ঠিকাদার কে আমি জানি না, ঠিকাদার সম্পর্কে জানতে হলে নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞেস করেন’।
উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ‘প্রথমে আমাকে দিরাই উপ-বিভাগে হাওরের বাঁধ নির্মাণ দেখভালের দায়িত্ব দেওয়া হয়। পরে ডিজি সাহেবকে বলে আমাকে ওখান থেকে সরিয়ে শাল্লায় দায়িত্ব দেওয়া হয়। পরে প্রধান প্রকৌশলীকে আমি এই বিষয়টি অবহিত করলে, তিনি ডিজি সাহেবকে নির্দেশ দেন আমাকে আমার দায়িত্বপ্রাপ্ত উপজেলায় দেখভালের দায়িত্ব দিতে। আমি দিরাই উপজেলার দায়িত্ব পেয়েছি, কিন্তু ঠিকাদারের কোন কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে পিআইসি’র বাঁধের কাজ দেখভালের দায়িত্ব’।
পাউবো’র দিরাইয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান বলেন,‘কালিকুটা হাওরে বড় দুটি বাঁধের কাজই পেয়েছে হবিগঞ্জের মেসার্স আব্দুল কাইয়ুম নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। তারাই কাজ করাচ্ছে’। তিনি অবশ্য ঐ ঠিকাদারের মুঠোফোন নম্বর ও ঠিকানা কোনটাই দিতে পারেননি।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন আহমদ বলেন,‘সবই ঠিকাদাররা করছে, আমরা কাজ করাচ্ছি, এগুলো ভুয়া কথা, কাজের অগ্রগতি কোথাও ৫০-৬০ ভাগের নিচে নেই’।