পাউবো প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ/ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে -পানি সম্পদ উপমন্ত্রী

সোহানুর রহমান সোহান
বাঁধের অনিয়ম দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের টাকা দিয়ে খুশী করার অভিযোগ নিয়ে কথা বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামিম। তিনি বলেন, সাংবাদিকেরা হচ্ছে জাতির বিবেক, সমাজের দর্পন। আমি নিজেও লেখালেখি করি, একটি পত্রিকার উপদেষ্টা সম্পাদক ছিলাম।…সাংবাদিকদের সঠিক তথ্যের উপর আমরা নির্ভরশীল। যে অভিযোগটি আমি পেয়েছি সেটির সুষ্ঠু তদন্ত হবে, যযথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বুধবার দুপুরে শান্তিগঞ্জের দেখার হাওরে ধান কাটা উৎসবে যোগ দিয়ে বক্তব্য দেয়ার সময় পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের বিরুদ্ধে রাতের আঁধারে অফিসে ডেকে নিয়ে কিছু সংখ্যক সাংবাদিকদের টাকা দেয়ার অভিযোগের বিষয় নিয়ে তিনি এসব কথা বলেন।
ধান কর্তন উৎসবে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অপ্রয়োজনীয় প্রকল্প দিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে পানিসম্পদ মন্ত্রী এনামুল হক শামিম বলেন, আমাদের কাছে হাওরের বাঁধের জন্য ২৩০ কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছে। আমরা ১০০ কোটি টাকা দিয়েছি। পরীক্ষা করে করে আরও হয়তো সর্বোচ্চ ২০—৩০ কোটি টাকা দেয়া লাগতে পারে। হাওরের খরচ অটোমেটিক কমিয়ে দেয়া হচ্ছে। আমি আসার সময়ই এডিজিকে বলে আসছি, এই ফসল কাটার পরেই আগামী বছর যতটুকু প্রয়োজন ততটুকুই বাজেট দেবেন। টাকার যেন অপচয় না হয়।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল শনিবারে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে রাতের আঁধারে কিছু সংখ্যক সাংবাদিককে ডেকে নিয়ে উপঢৌকন হিসেবে দশ হাজার করে টাকা দেয়ার অভিযোগ উঠে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের বিরুদ্ধে। হাওরের ফসল রক্ষা বাঁধের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ না করতে উপঢৌকন দেয়া হচ্ছে এমন পোস্ট এবং কমেন্টসে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।