পাকা রাস্তা চায় ৫ গ্রামের ১০ হাজার মানুষ

শহীদ নূর আহমেদ
যাতায়াতে ভোগান্তি নিরসনে পাকা রাস্তা নির্মাণের দাবি উঠেছে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের চানপুর, গোবিনপুর, সোনাপুর, ভাদরপুর, শাক্তারপাড়ের ১০ হাজার মানুষের। শহরের কাছাকাছি থেকেও রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যাক্তিদের দায়ী করছেন এলাকাবাসী। চলাচলের একমাত্র রাস্তটি বর্ষার মৌশুমে পানির নিচে তলিয়ে যাওয়ায় রাস্তাটিকে উঁচু করে পাকাকরনের দাবি এলাকাবাসীর। তবে রাস্তাটি দীর্ঘ হওয়ায় সংস্কার ও পাকাকরনে এলজিইডির সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন গৌরারং ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ।  
জানা যায়, লালপুর বাজার হতে শুরু হওয়া রাস্তটি চানপুর গ্রামের ভিতর দিয়ে সোনাপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার
দীর্ঘ । রাস্তাটি বর্ষায় পানিতে তলিয়ে যায়। যাতায়াতে তখন নৌকা ছাড়া অন্য কোন মাধ্যম থাকে না  বসবাসরত বাসিন্দাদের। ইউনিয়ন পরিষদ ও এমপির থোক  বরাদ্দে রাস্তায় মাটি ফেলা হলেও উঁচু না হওয়ায় প্রতি বছরই পানি উঠে । এই রাস্তা দিয়ে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, মসজিদে প্রতিনিয়ত যাতায়াত করছেন নানান পেশার অসংখ্য মানুষ। একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হয় তাদের। বেশি দুর্ভোগ পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। কেননা রাস্তার পাশে  লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর প্রাথমিক বিদ্যালয় ও শাক্তারপাড় প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা অবস্থিত । রাস্তাটির বেহাল দশায় জরুরি চিকিৎসা নিতে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। উৎপাদিত কৃষি ফসল  শহরে নেয়ার ক্ষেত্রে কৃষকদের পোহাতে হচ্ছে চরম বিরম্বনা।
আব্দুল কুদ্দুস নামে গোবিনপুরে এক বাসিন্দা বলেন, ‘এই রাস্তা দিয়ে ৫ গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। বর্ষায় রাস্তটি পানিতে ডুবে যায়। তখন নৌকায়ই আমাদের একমাত্র উপায়। গতবছর রাস্তায় মাটি ফেলা  হয়েছে কিন্তু বৃষ্টি হলে রাস্তায় কাদা জমে। এই রাস্তা দিয়ে যাতায়াত করা তখন অসম্ভব হয়ে পরে। নির্বাচনে জনপ্রতিনিধিদের অনেক আশ্বাস শুনি কিন্তু তা বাস্তবায়ন হয় না।  
মতিউর আলী নামে আরেক বাসিন্দা বলেন, এই রাস্তার আশেপাশে অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। শিশুরা কষ্ট করে যাতায়াত করে । শহরের কাছাকাছি বসবাস করেও আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই রাস্তাটি উঁচু ও পাকা করলে এলাকাবাসীর অনেক উপকার হবে।
গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়া বলেন, রাস্তাটি ইউনিয়ন পরিষদ ও স্থানীয় এমপির দেয়া বরাদ্দে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। তবে উঁচু না হওয়ায় বর্ষায় পানি উঠে যায়। রাস্তাটি দীর্ঘ হওয়ায় পুন:সংস্কার ও পাকাকরনে এলজিডির বরাদ্দ প্রয়োজন।