ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
দক্ষিণ সুনামগঞ্জের পাগলাবাজারের দোকানগুলোতে এখনো জমে উঠেনি ঈদের বাজার। কোনো কোনো মার্কেটের দু’একটি কাপড়ের দোকানে ঢিমেতালে বেচাকেনা শুরু হলেও রমজানের ২১ রোজা পেরিয়েও কোনো কোনো দোকান এখনো একদম ফাঁকা।
বাজারের কোনো দোকানেই এখনো উপচে পড়া ভিড় চোখে পড়েনি। তবে ব্যবসায়ীরা বলছেন, ২৫ রোজার পরে জমতে পারে ঈদের সব ধরনের বাজার।
রবিবার ছিলো পাগলার হাটবার। বিকালে বাজারের উল্লেযোগ্য বেশ কয়েকটি কাপড়, জুতা, কসমেটিক্স ও ক্রোকারিজের দোকান ঘুরে দেখা যায় ঈদের বাজার এখনো পুরোপুরি জমে উঠেনি। উপজেলার ব্যস্ততম এ বাজারের এমন মন্দাভাব দেখে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ঈদকে উপলক্ষ করে তাদের থাকে অতিরিক্ত আয়োজন। যদি এমন হয় তাহলে ব্যবসায় এ বছর শক্ত ধরনের ধাক্কা খেতে হতে পারে।
কেনো এমন হচ্ছে জানতে চাইলে কসমেটিক্স ও ক্রোকারিজ ব্যবসায়ী আবদুল কাদির বলেন,‘এই মুহূর্তে জলাবদ্ধতা ও যানজট আমাদের বাজারের ব্যবসায়ীদের জন্য প্রধান সমস্যা। যদি ২৫ রোজার আগে এসব সমস্যার নিরসন না হয়, তাহলে বাজারের ব্যবসায় সকলেই মার খাবে।’
গার্মেন্টসের আরেক ব্যবসায়ী বিন্দু দাশ বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এবছর সাধারণ মানুষের হাতে টাকা-পয়সা কম। বৈশাখী ধান পানিতে তলিয়ে যাওয়ায় বাজারে আসতে সাহসই পাচ্ছেন না ক্রেতারা। তাই আমাদের ব্যবসার এমন হাল।
কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনেরই একই কথা। তবে তিনি আরো যুক্ত করে বলেন,‘পাগলায় সাধারণত ২৫ রোজার পরেই ব্যবসা চাঙ্গা হয়।
জুতা ব্যবসায়ী আবদুল কাদিরও বললেন,‘ ২৫ রোজার পর ব্যবসা জমজমাট হবে বলে আশা প্রকাশ করছি।’


