শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার পাগলা মধ্য বাজারে আবদুল হেকিম মার্কেটের হাই চয়েজ গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ে দোকানে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক আক্তার হোসেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আক্তার হোসেন জানান, বুধবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রাত ১টার দিকে মার্কেটের প্রহরী আমাকে ফোন করে দোকানে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে আমি দ্রুত মার্কেটে চলে যাই। অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় আমার ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার জিসানুর রহমান নাবিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার ফাইটার টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।


