পাগলায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও         গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আছাবুল মিয়া (৪০) ও শত্রুমর্দন গ্রামের মৃত সোনাধন আলী ওরফে বুধু মিয়ার ছেলে আবদুল কাদির (৪২)।
পুলিশ জানায়, বুধবার রাত ৮ টায় প্রথমে আছাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় মদ অফিসার্স চয়েজ ৪ বোতল ও পরে ১০ টার দিকে কাদিরের বাড়িতে অভিযান চালিয়ে ৩ বোতল ভারতীয় মদসহ তাকেও গ্রেফতার করা হয়। আছাবুল ও কাদির এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থানায় রুজু করা আছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য সংগ্রহ ও বিক্রির দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।