শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় পাগলা প্রিমিয়ার লীগের (পিপিএল) নবম আসরের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বিকাল ৩টায় পশ্চিম পাগলা ইউনিয়নের পালপাড়া দক্ষিণের মাঠে খেলায় ব্ল্যাজিং লায়ন্সকে ৫৪ রানে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রয়েল রেঞ্জার্স। সম্পূর্ণ লীগে অসামান্য কৃতিত্ব প্রদর্শনের জন্য ম্যান অব দ্যা লীগ এবং ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের বাঁ হাতি ওপেনার সজীব আল হাসান।
খেলা শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও পুরস্কার বিজয়ী অন্যান্য খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মো. আজাদ হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে দেশের সেবায় কাজ করা আমাদের সকলের দায়িত্ব। তাই লেখাপড়া করে দেশের কাজে আত্মনিয়োগ করতে হবে। পালপাড়ার মাঠ আমাদের ইউনিয়নের জন্য সুন্দর ও স্বতন্ত্র একটি মাঠ। এ মাঠ উন্নয়নে সকলকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনছুর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া, প্রবাসী-সমাজকর্মী মোসাদ্দেক রায়হান বাবু, ব্যবসায়ী দিপক দে, সমাজকর্মী রশিদ আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রিয়বালা দেবনাথ, ৮ নং ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান আতিক, সাবেক ছাত্রলীগ নেতা অসীম পাল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অপু পাল, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার ও নাহিদ আহমদ প্রমুখ।


