শহীদনূর আহমেদ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা-বীরগাঁও সড়কের বেহাল দশা। প্রায় ৩ কিলোমিটার পাকা সড়কের বিটুমিন ভেঙ্গে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। প্রতিদিন এই ভাঙ্গা সড়ক দিয়ে যাতায়াত করছেন পূর্ব বীরগাঁও ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচ বছর আগে নির্মিত ৭ কি. মি. পাগলা-বীরগাঁও পাকা সড়কের ৩ কি.মি. সড়কের অবস্থা খুবই নাজুক। শহর ও বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন যাতায়াত করছেন এলাকার অসংখ্য শিক্ষার্থী।
সড়কের দু’পাশ ভেঙ্গে ছোট হয়ে যাচ্ছে। যাত্রী যানবাহন চলাচলে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মালবাহী ট্রাক ও ট্রলি যাতায়াত করায় বেহাল অবস্থায় পরিণত হয়েছে।
সিএনজি চালক রইছ উদ্দিন বলেন, ‘দিন দিন সড়কের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গাড়ি চালাতে সমস্যা হয়। দুই তিন কিলোমিটার জায়গার জন্যে খুব ধীর গতিতে গাড়ি চালাতে হয়। রাস্তাটি মেরামত করা দরকার।’
যাত্রী ওয়াসিম আহমদ বলেন, ‘শুকনার মৌসুমে ট্রাক আর ট্রলির কারণে সড়কের বিটুমিন ভেঙ্গে গেছে। অনেক জায়গাতে গর্ত হয়ে গেছে। বৃষ্টি হলে পানি জমে থাকে। অনেক মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করছেন।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী আলাউদ্দিন খান বলেন, ‘সড়কটি মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়ায় আছে। আশা করি এক মাসের মধ্যে কাজ শুরু করতে পারবো।’


