গোলাম সরোয়ার লিটন
তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে রয়েছে নাব্যতা সংকট। কিন্তু একটি সংঘবদ্ধ চক্র নদীটির সুলেমানপুর এলাকায় নদীর তলদেশে বালু আর বালুভর্তি নৌকা ডুবিয়ে কৃত্রিমভাবে এ সংকট আরো প্রকট করে তুলে।
ফলে ভারত থেকে উপজেলার বড়ছড়া শুল্কস্টেশন দিয়ে আমদানীকরা কয়লা ও চুনাপাথর ভর্তি নৌযানগুলো এ নদী দিয়ে যাতায়াতকালে তীব্র নৌজটের সৃষ্টি হয়। আর এ নৌজটকে কেন্দ্র করে সুলেমানপুর এলাকায় বিভিন্ন কৌশলে টাকা আদায় করে আসছিল এই চক্রটি। বর্তমানে পুলিশের হস্তক্ষেপে কৃত্রিম উপায়ে তৈরী সংকট দূর হয়েছে। তবে স্বাভাবিক নাব্যতা সংকট রয়েছে।
সরেজমিনে পাটলাই নদীর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর বাজার এলাকায় গিয়ে দেখা যায়, এখানে নদীটি অনেক সরু ও অগভীর। নদীটির এই স্থানে পাইকরতলা অংশে একটি সংঘবদ্ধ চক্র নদীর তলদেশে বালু ও বালুভর্তি নৌকা ডুবিয়ে দেয়। এতে করে স্থানটিতে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করে। গত ১২ বছর ধরে চক্রটি এ কাজ করছে।
নৌযান শ্রমিক, ব্যবসায়ী ও সচেতন এলাকাবাসী জানায়, থানা পুলিশের একটি দল গত কয়েকদিনের চেষ্টায় নদীটির তলদেশ থেকে বালু ও বালুভর্তি নৌকা উদ্ধার করে। এতে করে নাব্যতা সংকটকে কৃত্রিম উপায়ে প্রকট করে তোলার জন্য সৃষ্ট দীর্ঘ নৌজট কমে এসেছে। এবং স্থানীয় এলাকাবাসী নৌযান মালিক-শ্রমিক ও ব্যবাসায়ীরা জেনে যায় ভয়াবহ নৌজট সৃষ্টির পেছনে একটি চক্রের কারসাজি দায়ী।
নদীতে নৌযান চলাচলের পথে কৃত্রিম বাধা তৈরী করে জনদুর্ভোগ বাড়িয়ে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যের পথকে বাধাগ্রস্ত করায় সবাই ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার বিকালে সরেজমিন সুলেমানপুর এলাকায় গিয়ে দেখা যায় স¦াভাবিক নাব্যতা সংকটে প্রায় দুইশতাধিক কয়লাবাহী নৌযান সুলেমানপুর এলাকায় আটকে আছে।
খোঁজ নিয়ে জানা যায়, দেশের অন্যতম কয়লা ও চনাুপাথর আমদানী শুল্কস্টেশন বড়ছড়া দিয়ে প্রতিবছর স্বাভাবিক সময়ে শুধুমাত্র কয়লা আমদানী হয়ে থাকে ৮লাখ টন। একইভাবে
বিপুল পরিমাণ চুনাপাথরও আমদানী হয়। যা থেকে সরকার শতকোটি টাকারও বেশী রাজস্ব পায়। বড়ছড়া দিয়ে মালামাল পরিবহনের জন্য কোন সড়কপথ নেই। তাই এই শুল্কস্টেশন দিয়ে আমদানী করা সব কয়লা ও চুনাপাথর নৌযানে পাটলাই নদী দিয়েই দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। জানুয়ারি থেকে মার্চ সময়ে নদীটির বিভিন্ন স্থানে নাব্যতা সংকট দেখা দেয়। আর এই নৌ সংকটকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে চলে টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি।
গত ২০ বছর ধরে পাটলাই নদীতে পলি আর বালু পড়ে নাবাত্য সংকট দেখা দিয়েছে। দিন দিন এ সংকট আরো বেড়ে চলেছে। গত ১২ বছর ধরে নদীটির দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় জানুয়ারি-মার্চ সময়ে ১২ কিলোমিটার পর্যন্ত নৌজটের সৃষ্টি হয়। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর গত কয়েকদিন এ নৌজট সরাতে চেষ্টা করেও সফল হতে পারেন নি। তিনি বুঝতে পারেন এখানে একটি চক্র কৃত্রিম সংকট তৈরী করে রেখেছে। এজন্য তিনি পাটলাই নদীর সুলেমানপুর পাইকরতলা অংশে পুলিশ ও এলাকাবাসীকে নিয়ে তলদেশ থেকে বালতি দিয়ে বালু উত্তোলন করেন। শতাধিক এলাকাবাসী ও পুলিশ মিলে বালু উত্তোলন করার পর বালুভর্তি নৌকা উদ্ধার করলে নাব্যতা সংকটের প্রকট অবস্থা কমে যায়।
জানা যায়, নব্যতা সংকট প্রকট হলে নৌ যানজটে হাজারো নৌযান আটকা পড়ে। এতে করে নানা রকমের লোকসান গুণতে হয় নৌযান মালিক-শ্রমিক এবং কয়লা ও চুনাপাথর ব্যবসায়ীদের। সুলেমানপুর এলাকায় দুই দিন আগেও যেখানে ১শত টন কয়লাবাহী নৌযান আটকা পড়েছিল। গতকাল এ রকম শতাধিক কয়লাবাহী নৌযান সুলেমানপুর এলাকা পাড়ি দিয়েছে। আগে ৫০ টনের ওপরে যে সকল নৌযানে কয়লা ছিল সেগুলোকে বাড়তি মালের জন্য টন প্রতি ২ হাজার টাকা করে অতিরিক্ত ব্যয় করতে হত। এ চক্রটি প্রতি টন মাল ২ হাজার টাকা দরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর পর্যন্ত তাদের (চক্রটির) ছোট নৌকায় পরিবহন করে দিত। এতে করে একশ থেকে তিনশত টন কয়লাবাহী নৌযান কে অনেক টাকা গুণতে হত। একই স্থানে বর্তমানে আটকে যাওয়া নৌযানের কয়লা পরিবহনে টন প্রতি ৪শত টাকা নির্ধারণ করা হয়েছে। এতে করে স্বস্তি প্রকাশ করেছে ব্যবসায়ী ও নৌযান শ্রমিকরা।
এ প্রসঙ্গে আর আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রুহুল আমিন বলেন, সুলেমানপুর এলাকার স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে প্রভাবশালী চক্রও জড়িত। যারা ব্যবসার স্বাভাবিক গতিকে নষ্ট করে নিজেরা সুবিধা পেতে চায় আর চক্রটিকে অবৈধ সুবিধা দিতে চায়। বর্তমান অবস্থা যদি এরকম অব্যাহত থাকে তাহলে অনেকটাই স্বস্তি পাবে ব্যবসায়ী ও নৌযান শ্রমিকরা। তিনি বলেন, যারা একযুগ ধরে কৃত্রিমভাবে জানুয়ারি-মার্চ মাসে নাব্যতা সংকটকে প্রকট করে রাখতো তাদের বিচারের আওতায় আনা উচিত।’
বাজিতপুর নৌপরিবহন শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক মাসুম মিয়া বলেন, পুলিশের তৎপরতায় আমরা স্বস্তি পেয়েছি। বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে। আমরা চাই এই অবস্থাটা চলমান থাকুক।’
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত সরকার বলেন, বর্তমানে কৃত্রিম নাব্যতা সংকট নেই, নেই চাঁদাবাজিও। স্বস্তিতে আছে ব্যবসায়ী ও নৌযান শ্রমিকরা।’
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন,‘নৌযান চলাচলে কৃত্রিম সংকট সৃষ্টি ও একে কেন্দ্র করে সবরকমের অনিয়ম দূর করার চেষ্টা করছি। যাতে নৌযান চলাচলে কোন ধরনের বাধা সৃষ্টি না হয়।


