সু.খবর ডেস্ক
সব ধরনের কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। আগামী ৩ এপ্রিল এটি কার্যকর হবে। সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কাঁচাপাট রপ্তানির ওপর গত বছরের ২ ডিসেম্বর আরোপিত নিষেধাজ্ঞা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩ এপ্রিল থেকে প্রত্যাহার করা হলো।
গত বছরের ১ নভেম্বর সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩ নভেম্বর থেকে পরবর্তী এক মাস সব ধরনের কাঁচাপাট রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপর একই বছরের ২ ডিসেম্বর আর এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে গত ৫ জানুয়ারি এক আদেশের মাধ্যমে ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে গত বছরের ৩ নভেম্বরের আগে ইস্যুকৃত ২৫১টি এলসির বিপরীতে ২.৭৭ লাখ বেল কাঁচাপাট রপ্তানির অনুমোদন দেয়া হয়।


